নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রবিবার আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় কংগ্রেস। এদিন ২৯৪ কেন্দ্রের মধ্যে ২৮৪টি আসনে প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান জেলার ৯টি বিধানসভা আসনে প্রার্থীদের নাম। এবারের নির্বাচনে দুর্গাপুর পূর্ব আসনটিতে
দলীয় নেতৃত্ব ভরসা রেখেছেন দলের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর উপর।
এদিকে প্রার্থীনাম ঘোষণার পরই ভোটের ময়দানে নেমে পড়েছেন তিনি। সোমবার দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনি সংলগ্ন লোকনাথ বাবার মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন দেবেশবাবু। এরপর ধোবি ঘাট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন।
ভোটের ময়দানে নেমেই প্রতিদ্বন্দ্বী, রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের বিদায়ী বিধায়ক প্রদীপ মজুমদারের কাজ নিয়ে সমালোচনায় সরব হন তিনি। তিনি সকলের সামনে বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থীর অসফলতার কথা তুলে ধরে বলেন, “গত পাঁচ বছরে এলাকায় কোনও উন্নয়নমূলক কাজ হয়নি। আমি যে এলাকায় ঘুরছি, সেখানকার রাস্তার অবস্থা দেখলেই বোঝা যায়—মানুষ কতটা বঞ্চিত।” তাই এলাকার মানুষের কাছে পরিবর্তনের ডাক দেন তিনি। কংগ্রেস ক্ষমতায় এলে এলাকায় উন্নয়নের প্রতিশুতিও দেন তিনি।
সব মিলিয়ে কংগ্রেস প্রার্থী যে প্রথম দিনের প্রচার থেকেই লড়াকু মনোভাব নিয়ে মাঠে নেমে পড়েছেন তা বলাই বাহুল্য।



















