নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সরকারী প্রকল্পে প্লাস্টিকের ট্যাপ লাগানোর খরচ প্রায় চার লক্ষ টাকা! শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ও রাজনৈতিক তরজা।
প্রসঙ্গত, দুর্গাপুর নগর নিগমের ৩০ নম্বর ওয়ার্ডের এএসবি প্লটে “আমার পাড়া আমার সমাধান” প্রকল্পে একটি প্লাস্টিকের ট্যাপ কল লাগানো হয়েছে। এলাকার জলের সংকট মেটাতে এই উদ্যোগ নেয় দুর্গাপুর নগর নিগম। কিন্তু বিতর্ক তৈরি হয় প্রকল্পের খরচের অঙ্কর হিসেব দেখে। রীতিমতো মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া বোর্ডে প্রকল্প সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে, যেখানে প্রকল্পের খরচ হিসেবে লেখা রয়েছে ৩ লক্ষ ৯১ হাজার ৭৫১ টাকা।
বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে ওই ছবি পোস্ট করে শাসক দলকে নিশানা করে লেখেন “উন্নয়নের নামে আর কত জোচ্চুরি দেখব”। তিনি প্রশ্ন তোলেন সোনার নয় প্লাস্টিকের একটি ট্যাপ লাগাতে খরচ দেখানো হয়েছে প্রায় চার লক্ষ টাকা। একটা প্লাস্টিকের কল লাগাতে এতো খরচ?
অন্যদিকে সরকারী প্রকল্পর খরচের বহর দেখে শাসকের বিরুদ্ধে সুর চড়িয়েছে সিপিএম নেতৃত্বও। তাদের মতে, প্রতিটি মানুষ, প্রতিটি রাজনৈতিক দল তার নিজস্ব কর্ম করে। তৃণমূলও তার কর্ম করে চলেছে। তৃণমূলের যা কর্ম সেই দুর্নীতি। একটা জলের কল বসাতে প্রায় চার লক্ষ টাকা ব্যায় করা হচ্ছে। আবাস যোজনার বাড়ি তৈরি করতে এত টাকা ব্যায় করে না সরকার। মানুষের করের টাকা কীভাবে অপচয় করা যায় এই তৃণমূল দল না থাকলে আমরা সাধারণ মানুষ জানতে পারতাম না। আসন্ন বিধানসভা নির্বাচনে মানুষ এই দুর্নীতির যোগ্য জবাব দেবে।
যদিও দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারপার্সন ধর্মেন্দ্র যাদব দাবি করেছেন, “এতে কোনো দুর্নীতি নেই। উনি হয়তো না জেনে বলছেন। ওই এলাকায় একটা নয় সাতটা কল বসানো হয়েছে, তার জন্য পাইপ লাইন বসাতে হয়েছে। এলাকার প্রায় এক হাজার লোকের জলের ব্যবস্থা করা হয়েছে। পুরবোর্ড সব নিয়ম মেনেই কাজ করে। আর সরকারি কাজের অডিট তো হয়। দুর্নীতি করলে তাতে তো ধরা পড়বে। আসলে উনি ওই এলাকার বোরো চেয়ারম্যান ছিলেন। ক্ষমতায় থাকাকালীন উনি কিছু করেননি। এখন তৃণমূল এলাকার মানুষের সমস্যার সমাধান করে দেওয়ায় ওনার জ্বলন হচ্ছে।”

















