eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সনকে ডিজিটাল অ্যারেস্টের চেষ্টা

দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সনকে ডিজিটাল অ্যারেস্টের চেষ্টা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জিকে ডিজিটাল অ্যারেস্টের চেষ্টা করে ফ্রড কল!যদিও বিচক্ষণতার সঙ্গে প্রতারকদের সঙ্গে কথা বলে বিষয়টি সামাল দেন অনিন্দিতাদেবী।

জানা গেছে মাস খানেক আগেই অনিন্দিতা মুখার্জির ফোনে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। ফোনে এক ব্যক্তি দিল্লি পুলিশ পরিচয় দিয়ে তাঁর নাম করে জানতে চান তিনি কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন কিনা। অনিন্দিতাদেবী জানান বছর দুয়েক আগে তিনি একবার কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন। এরপরই ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তি দাবি করেন অনিন্দিতা দেবীর সঙ্গে কাশ্মীরের এক জঙ্গীর যোগসাজশের তথ্য পাওয়া গেছে। সে জন্য যত দ্রুত সম্ভব দিল্লিতে গিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে। অনিন্দিতা দেবী সঙ্গে সঙ্গে জানান তার সঙ্গে কোন জঙ্গির যোগাযোগ নেই এবং তার পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয়। তখন তাকে জানানো হয় তাহলে বিষয়টি কলকাতা লাল বাজারে ট্রান্সফার করা হচ্ছে তিনি যেন সেখানে গিয়ে হাজিরা দেন। এভাবে বেশ কিছুক্ষণ কথাবার্তা বচসা চলার পর অনিন্দিতাদেবী ফোনটি তাঁর স্বামী প্রাক্তন মেয়র তথা প্রাক্তন বিধায়ক অপূর্ব মুখার্জিকে দেন কথা বলার জন্য। অপুর্ববাবু স্পষ্টভাবে ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তিকে জানিয়ে দেন কোন প্রয়োজন থাকলে তাদের উকিল পুলিশের সঙ্গে যোগাযোগ করবে, এভাবে তাদের যেন বিরক্ত করা না হয়। এরপর ফোন কেটে দেন অপরপ্রান্তে থাকা ব্যক্তি। অন্যদিকে এরপরই পুরো বিষয়টি মুখার্জি দম্পতি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনারকে জানান। এরপর সব ঠিকঠাক চললেও চলতি সপ্তাহের সোমবার ফের ওই নম্বর থেকে ফোন আসে অনিন্দিতাদেবীর ফোনে এবং ফের তাকে জঙ্গি যোগসাজশের অভিযোগে দিল্লি যেতে বলা হয়। এবার অনিন্দিতাদেবী কড়া ভাষায় ওই অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বললে তিনি ফোন কেটে দেন।

বিষয়টি নিয়ে রীতিমতো বিরক্ত প্রকাশ করে অনিন্দিতাদেবী বলেন, এরকম ফোন করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে ডিজিটাল অ্যারেস্টের ঘটনা বর্তমানে প্রায়ই ঘটে চলেছে। অনেকেই এতে সর্বস্বান্ত হচ্ছেন। তিনি প্রশাসনের কাছে এই প্রতারকদের কড়া হাতে দমন করার অনুরোধ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments