নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বুধবার শেষ হল ২০২৬-এর মাধ্যমিক পরীক্ষা। আবীর খেলে পরীক্ষা শেষের আনন্দে মাতল পড়ুয়ারা। প্রসঙ্গত জীবনের সবচেয়ে প্রথম বড় পরীক্ষা বা বোর্ড পরীক্ষার সম্মুখীন হয় মাধ্যমিক পরীক্ষার্থীরা। তাই পড়াশুনার পাশাপাশি মানসিক চাপ থাকে অনেকটাই। পরীক্ষার শেষে দিনে সেই চাপ থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বাস তৈরি হয় পড়ুয়াদের মধ্যে।
এদিন দুর্গাপুরের বেনাচিতির বিবেকানন্দ স্কুলের সামনে ধরা পড়ে সেই উচ্ছ্বাসের ছবি। শেষ পরীক্ষা শেষ ঘণ্টা বাজতেই স্কুল গেট দিয়ে বেরিয়ে আসে পড়ুয়ারা। আনন্দে কেউ একে অপরকে জড়িয়ে ধরে, কেউ হাততালি দেয়, কেউ আবার আকাশে ছুড়ে দেয় আবীর, মেতে ওঠে আবির খেলায়।
এক পড়ুয়া বলে, “আজকের পর থেকে স্কুলের অনেক বন্ধুদের সঙ্গে আর রোজগার মতো দেখা হবে। অনেকে আবার অন্য স্কুলে পড়তে চলে যাবে। যারা থাকবে তারাও ভাগাভাগি হয়ে যাবে স্ট্রিম অনুযায়ী। সেই জন্যই আবির খেলে একটু আনন্দ ভাগ করে নিলাম।”


















