নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রেমের সম্পর্ক তৈরি করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবকের নাম রজত দাস। সে দুর্গাপুরের শ্যামপুর কলোনির বাসিন্দা। হাওড়ার বাসিন্দা (বৃহন্নলা) প্রিয়াঙ্কা ঘোষের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেয় কোকওভেন থানার পুলিশ।
প্রিয়াঙ্কা জানায় ২০১৭ সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথম দুজনের পরিচয় ও বন্ধুত্ব হয়। প্রিয়াঙ্কার দাবি পরিচয়ের প্রথম দিন থেকেই রজত জানতেন যে সে একজন বৃহন্নলা। তবুও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ এরপর ব্যবসা শুরু করার নাম করে এবং নানা অজুহাতে প্রিয়াঙ্কার কাছ থেকে টাকা ধার নিতে শুরু করে রজত। সম্পর্কের আবেগের জেরে কোনরকম সন্দেহ করেননি তিনি। কিন্তু ধারের অঙ্ক বাড়তে বাড়তে ক্রমে ১৫ লক্ষ টাকায় পৌঁছলে টাকা ফেরৎ চাইতে শুরু করেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার দাবি এরপরই দুজনের সম্পর্কে ফাটল ধরে। এড়িযে যেতে শুরু করেন রজত। অবশেষে প্রিয়াঙ্কা বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন এবং অভিযোগ জানাতে দুর্গাপুরে পৌঁছন ও কোকওভেন থানায় অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে শুক্রবার মহকুমা আদালতে পেশ করা হয়।


















