eaibanglai
Homeএই বাংলায়শিল্পাঞ্চলে স্বাস্থ্য পরিষেবায় নতুন সংযোজন, উদ্বোধন বেদা হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের

শিল্পাঞ্চলে স্বাস্থ্য পরিষেবায় নতুন সংযোজন, উদ্বোধন বেদা হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পাঞ্চলে স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হল নতুন এক সংযোজন। কার্ডিয়াক, নারী ও শিশু চিকিৎসাকে বিশেষ গুরুত্ব দিতে পথচলা শুরু করল বেদা হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। কর্তৃপক্ষের দাবি দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়েছে এই হাসপাতাল।

হাসপাতালের কর্ণধার ঝিলম মুখোপাধ্যায় বলেন,”অত্যাধুনিক পরিকাঠামো ও উন্নত ডায়াগনস্টিক ব্যবস্থার পাশাপাশি বিশেষভাবে জোর দেওয়া হয়েছে মাতৃত্বকালীন পরিষেবায়। গর্ভবতী মহিলাদের জন্য অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসার ব্যবস্থা থাকবে। হাই-রিস্ক গর্ভাবস্থার জন্য বিশেষ পর্যবেক্ষণ ইউনিট এবং ২৪ ঘণ্টা জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে। নরমাল ও সিজারিয়ান ডেলিভারির জন্য সুসজ্জিত অপারেশন থিয়েটার, নবজাতকের জন্য এনআইসিইউ সুবিধা এবং প্রসব-পরবর্তী কাউন্সেলিং ব্যবস্থাও থাকছে।”

আরেক কর্ণধর জয় সান্যাল বলেন, “এতদিন উন্নত মাতৃত্বকালীন চিকিৎসার জন্য অনেক ক্ষেত্রেই শহরবাসীকে বাইরে যেতে হতো। এখানে শুধু চিকিৎসা নয়, মা ও নবজাতকের সার্বিক নিরাপত্তা ও মানসিক স্বস্তিকেও গুরুত্ব দেওয়া হবে। এছাড়াও অত্যাধুনিক মানের হৃদরোগের চিকিৎসা ব্যবস্থা থাকবে ।”

শনিবার এক বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হয় বেদা হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রীপ্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত, রামকৃষ্ণ মিশন আশ্রম আসানসোলের মহারাজ স্বামী সোমাত্মানন্দজি, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার (এডিপিসি) সুনীল কুমার চৌধুরী, পশ্চিম বর্ধমানের জেলাশাসক শ্রী পন্নমবলাম এস, এডিডিএ-র সিইও আদিতি চৌধুরী ,দুর্গাপুর পুরনিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম সহ প্রশাসনিক আধিকারিকরা।

এদিন হাসপাতালের উদ্বোধনের সঙ্গে সঙ্গেই আউটডোর পরিষেবা শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বেদা হাসপাতাল আগামী দিনে শিল্পাঞ্চলের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশা শহরবাসীর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments