সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- শুক্রবার সকালে দুর্গাপুরে জাতীয় সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু হল এক গাড়ি চালকের। দুর্ঘটনাটি ঘটে সিটিসেন্টারে ডিভিসি মোড়ের কাছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি চারচাকা গাড়ি মুচিপাড়ার দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে ছিল। ডিভিসি মোড়ের কাছে হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় চারচাকা গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভিতরে আটকে পড়েন চালক। স্থানীয় মানুষজন দ্রুত ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে মৃত চালকের নাম-পরিচয় জানা যায়নি।
অন্যদিকে দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।



















