eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত তরুণী নার্সের রহস্যজনক মৃত্যু

দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত তরুণী নার্সের রহস্যজনক মৃত্যু

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের কাঁকসা মলানদিঘির বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত এক তরুণী নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত নার্সের নাম মন্দিরা পাল, বয়স ২৪। বুধবার গভীর রাতে একটি বহুতল আবাসনের নিচ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বহুতল থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই তরুণীর। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনও ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে মৃত তরুণীর পরিবারের দাবি এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

জানা গেছে বুধবার রাতে নাইট ডিউটিতে যোগ দেওয়ার কথা ছিল ওই নার্সের। কিন্তু সহকর্মীরা তাকে খুঁজে না পেয়ে পুলিশকে জানান। পুলিশ হাসপাতাল সংলগ্ন একটি বহুতলের নিচ থেকে মন্দিরার দেহ উদ্ধার করে। জানা গেছে ওই বহুতল আবাসনটি বেসরকারি মেডিক্যাল কলেজের হস্টেল হিসেবে ব্যবহৃত হত।

বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ১৯ নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা ছিলেন মন্দিরা পাল । পরিবার সূত্রে জানা যায়, বাবা সাধন পাল পেশায় ফল ব্যবসায়ী। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে মন্দিরা ছোট বোন ছিলেন। ব্যাঙ্গালোর থেকে নার্সিং পাশ করে প্রথমে বিষ্ণুপুরের একটি নার্সিংহোমে কাজ শুরু করেন মন্দিরা। পরে বছর খানেক আগে দুর্গাপুরে চাকরিতে যোগ দেন। শেষবার বাড়ি এসেছিলেন সরস্বতী পুজোর সময়।

পরিবারের সদস্যরা জানান মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ নাইট ডিউটিতে যাওয়ার আগে মায়ের সঙ্গে শেষ কথা হয় মন্দিরার। তারপর আর বাড়ির সঙ্গে যোগাযোগ হয়নি। পরিবার ভেবেছিল, কাজে ব্যস্ত রয়েছেন তিনি। গতকাল বুধবার গভীর রাতে পরিবারের সদস্যদের ফোন করে জানানো হয়, মন্দিরা গুরুতর অসুস্থ। খবর পেয়ে বাবা-মা ও আত্মীয়রা দুর্গাপুরে পৌঁছে জানতে পারেন তাদের মেয়ের মৃত্যু হয়েছে।

অন্যদিকে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আবাসনের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট মিললে তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments