eaibanglai
Homeএই বাংলায়শহরের বাইকার তাণ্ডব রুখতে মোটর পার্টসের একাধিক দোকানে অভিযান

শহরের বাইকার তাণ্ডব রুখতে মোটর পার্টসের একাধিক দোকানে অভিযান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বাইকারদের তাণ্ডবে অতিষ্ঠ শহরবাসী। বিশেষ করে মডিফায়েড সাইলেন্সারের তীব্র আওয়াজে। শহরের শান্তিভঙ্গের পাশাপাশি শব্দদূষণেরও অভিযোগ উঠছিল। বার বার বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানাচ্ছিলেন সাধারণ মানুষ। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। শহরজুড়ে অভিযান শুরু করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ । ইতিমধ্যে শহরের বিভিন্ন রাস্তায় অভিযান চালিয়ে ফাইন করার পাশাপাশি বাইকারদের সর্তক করেছে ট্রাফিক পুলিশ। এবার অভিযান চালানো হল মোটর পার্টসের একাধিক দোকানে।

দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল যে দুর্গাপুর-এর ট্রাঙ্ক রোড এলাকায় মোটর পার্টসের একাধিক দোকানে অবৈধভাবে পরিবর্তিত (মডিফায়েড) সাইলেন্সার পাইপ বিক্রি করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে দুর্গাপুর ট্রাফিক গার্ড ও সাব-ট্রাফিক বিভাগের পক্ষ থেকে হঠাৎ করে অভিযান চালানো হয় সংশ্লিষ্ট দোকানগুলিতে। অভিযানের সময় পুলিশ দোকানগুলির গোডাউন ও মজুত সামগ্রী খতিয়ে দেখে। বেশ কিছু দোকানে বিক্রির জন্য রাখা সাইলেন্সার পাইপের বৈধ কাগজপত্র যাচাই করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও বেআইনি গাড়ি পরিবর্তনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতেই এই অভিযান চালানো হয়। দোকান মালিকদের আইন মেনে ব্যবসা চালানোর জন্য সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের বেআইনি সামগ্রী বিক্রি হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই অভিযান আগামী দিনেও চলবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments