নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দক্ষিণবঙ্গের গণপরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ২০টি নতুন সিএনজি বাসের ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পরিবহণ সংস্থার তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের ১০টি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রুটে এই ২০টি নতুন বাস চলাচল করবে। ঝাড়গ্রাম–কলকাতা রুটে ৪ টি, পটাশপুর–করুণাময়ী রুটে ১টি , আসানসোল–ঝিলিমিলি রুটে ১টি, বর্ধমান–ঝাড়গ্রাম রুটে টি, বর্ধমান–বাঁকুড়া রুটে ১টি, বর্ধমান–আসানসোল রুটে ১টি, বেলঘরিয়া (করুণাময়ী)–আসানসোল রুটে ৪টি, বেলঘরিয়া (করুণাময়ী)–বাঁকুড়া রুটে ১টি, বেলঘরিয়া–দীঘা রুটে ৫টি ও বেলঘরিয়া–টাকি রুটে ১টি বাস।
এই এই নতুন বাস উদ্বোধন উপলক্ষ্যে দুর্গাপুরের সিটি সেন্টারে আয়োজন করা হয়েছিল ভার্চুয়ালি অনুষ্ঠানের। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন, বিচারবিভাগীয় ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। তিনি এদিনের অনুষ্ঠান থেকে ব্যায়বহুল পরিবহনের অভিযোগ তুলে কেন্দ্র সরকারকে খোঁচা দিয়ে বলেন, বন্দে ভারতে গরীব মানুষ চড়তে পারেনা। এছাড়াও অন্যান্য ট্রেনেও হাজার হাজার টাকা ভাড়া। তাই মানুষের এখন ভরসা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।”
এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, মহকুমা শাসক সুমন বিশ্বাস, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, সহকারী সভাধিপতি বিষ্ণুদেও নুনিয়া, ডেপুটি কমিশনার (পূর্ব) অভিষেক গুপ্তা, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব এবং সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায়-সহ আরও অনেকে।











