নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের অন্ডালে বেসরকারি ইংরেজি মাধ্যম আবাসিক স্কুলের হোস্টেল থেকে ছাত্রের দেহ উদ্ধার। মৃত ছাত্রের নাম মাজিদ আনসারী (১৫)। সে ওই স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে মৃত ছাত্র পুরুলিয়ার নিতুরিয়া থানা এলাকার বাসিন্দা। বছর পাঁচেক আগে সে অন্ডাল বিমানবন্দর নগরী চত্বরে অবস্থিত ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হয়। তারপর থেকে স্কুলের হোস্টেলে থেকেই পড়াশুনা করতো।
মৃত ছাত্রের বাবা মোবারক আনসারী জানান বুধবার বিকেল চারটে নাগাদ স্কুল থেকে তাকে ফোন করে জানানো হয় তার ছেলে অসুস্থ, তাকে দুর্গাপুরের গান্ধীমোড় এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি যেন দ্রুত সেখানে পৌঁছন। হাসপাতালে পৌঁছে তিনি জানতে পারেন ছেলের মৃত্যু হয়েছে।
অন্যদিকে মৃতের সহপাঠীদের কাছ থেকে জানা গেছে এদিন সকালে অন্যান্য পড়ুয়াদের সাথে একসঙ্গে প্রাতঃরাশ করেছিল মাজিদ। কিন্তু এদিন অন্যান্যদের মতো সে আর স্কুলে যায়নি। সে হস্টেলেই থেকে যায়। পরে দুপুর ২টো নাগাদ তার রুমে জানলার গ্রিল থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখা যায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে ছেলের এই অস্বাভাবিক মৃত্যুর জন্য মোবারক আনসারী স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করেছেন। তাঁর মতে পড়ুয়াদের দেখভালের দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের। সেখানে কীভাবে এই ঘটনা ঘটলো। তাঁর অভিযোগ স্কুল কর্তৃপক্ষের কর্তব্যে গাফিলতি ও উদাসীনতার জন্য অকালে ছেলেকে হারাতে হলো। যদিও স্কুল কর্তৃপক্ষের তরফে কোন মন্তব্য করা হয়নি।


















