নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- চুরির ঘটনার তদন্তে নেমে এক নাবালিকা সহ একই পরিবারের তিনজনকে গ্রেফতার করল বি-জোন ফাঁড়ির পুলিশ। ধৃত তিনজন এক দম্পতি ও তাদের নাবালিকা মেয়ে।
প্রসঙ্গত চলতি মাসের ১৬ তারিখ স্টিল টাউনশিপের সি-জোনের নেহেরু এভিনিউয়ের বাসিন্দা বিমল মাহাতোর বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই দিন বিকেলে পরিবারের সবাইকে নিয়ে বাইরে বেরিয়েছিলেন বিমলবাবু। রাত নটা নাগাদ বাড়ি ফিরে দেখেন আলমারি থেকে চুরি গেছে সোনায় গহনা ও নগদ ৭০ হাজার টাকা সহ সব মিলিয়ে প্রায় চার লক্ষ টাকার সামগ্রী। এরপরই ১৭ মার্চ বিজন ফারিতে লিখিত অভিযোগ দায়ের করেন বিমলবাবু।
অভিযোগ পেয়ে তদন্তে নামে বি-জোন ফাঁড়ির পুলিশ এবং বুধবার বিমলবাবুর পরিচিত এক পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করে। ধৃতরা হলেন তরুণ ভান্ডারী তার স্ত্রী পিংকি ভান্ডারী ও তাদের এক নাবালিকা মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত নাবালিকা ওই বাড়িতে যাতায়াত ছিল। সে গত ১৬ তারিখ বিমলবাবু ও তার স্ত্রীকে বাইরে ঘুরতে যাওয়ার জন্য জোরাজুরি করে। এরপরই সকলে মিলে বাইরে ঘুরতে বেরিয়ে যান। পরে রাতে বাড়ির ফিরে দেখেন বাড়িতে সোনার গয়না ও নগদ টাকা চুরি গেছে।


















