নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রচারে সরগরম দুর্গাপুর শিল্পাঞ্চল। নাওয়া খাওয়া ছেড়ে দিনভর প্রচারে ব্যস্ত বিভিন্ন দলের প্রার্থীরা। তীব্র দাবদাহের মধ্যেও থেমে নেই নির্বাচনী প্রচার। এরই মধ্যে শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র যুবদের সাথে সাইকেল চালিয়ে প্রচার সারলেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত।
এসবি মোড় থেকে শুরু হয়ে দুর্গাপুরের স্টেশন বাজার জুড়ে চলে এই সাইকেল র্যালি প্রচার কর্মসূচি। র্যালি উপলক্ষ্যে বাজার জুড়ে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রার্থী জানান, এই সাইকেল চালিয়ে জনসংযোগ তিনি রীতিমতো উপভোগ করছেন। এতে যেমন শরীরচর্চা হচ্ছে, তেমনই মানুষের কাছাকাছি পৌঁছনোও সহজ হচ্ছে।
তিনি বলেন, “মানুষের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করেছি। এর আগে সকালে পদযাত্রা করে জনসংযোগ করেছি। এরপর সাইকেলে করে মানুষের কাছে যাচ্ছি। ভোটকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করছি।”


















