নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আসান্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে জমে উঠেছে রাজনৈতিক তরজা। জনসংযোগের জন্য জোর প্রচার চালাচ্ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। এরই মধ্যে গতকাল কাঁকসা ব্লকে প্রচারে গিয়ে দুর্গাপুরের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে প্রতি গোষ্ঠীকে ২০ লক্ষ টাকা করে দেওয়া হবে এবং মহিলাদের লাখপতি দিদি করে দেওয়া হবে। শনিবার দুর্গাপুরের মুচিপাড়ায় তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধনে উপস্থিত হয়ে ওই দাবি প্রসঙ্গে রাজ্যের সমবায় ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার পাল্টা দাবি করেন বিজেপি বরাবর বিভ্রান্তিকর প্রচার করে।
তিনি বলেন, “এর আগেও ওই দলের সর্বোচ্চ জিনি নেতা ভোটের আগে দাবি করেছিলেন প্রতিটি দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়া হবে। পরে ওনার ডেপুটি বললেন ওগুলো জুমলা, ভোটের আগে বলতে হয়। অনেকে অনেক কথা বলছেন। কিন্তু আসল সত্যিটা হল স্বনির্ভির গোষ্ঠীতে দেশের মধ্যে সবথেকে এগিয়ে আমাদের রাজ্য। আমার গ্রামোন্নয়ন দপ্তর সেটা দেখে। আমাদের ১২লক্ষর বেশী গোষ্ঠী আছে। যেটা ভারতবর্ষে সর্বোচ্চ সংখ্যা। সমবায় দপ্তরে রয়েছে প্রায় আড়াই লক্ষ গোষ্ঠী। তাই কে কি বলছে তা নিয়ে আমরা চিন্তা করিনা। আমরা কি করবো সেটা আমরা জানি।”
অন্যদিকে নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন প্রসঙ্গে মন্ত্রী বলেন, “এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ আরও নিবিড় করতে এই কার্যালয়ের উদ্বোধন করা হল।” এবং দলীয় কর্মীদের এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগ বাড়ানোর বার্তা দেন তিনি।
এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় মতুয়া মহা সংঘের জেলা সভাপতি সঞ্জীব কুণ্ডু সহ তৃণমূল নেতৃত্বরা।


















