নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়া ও ফ্লেক্স কেটে দেওয়ার অভিযোগকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল দুর্গাপুরের ৩১ নম্বর ওয়ার্ডের নেপালী পাড়া এলাকায়।
অভিযোগ সোমবার রাতে এলাকারই একটি বাড়িতে লাগানো তৃণমূলের দলীয় পতাকায় দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয়, সেই আগুন বাড়ির জলের পাইপেও লেগে যায়, বরাত জোরে বেঁচে যান বাড়ির লোকজন। এছাড়াও ণমূল প্রার্থীর সমর্থনে লেখা একটি ফ্লেক্সও দুষ্কৃতী ব্লেড দিয়ে কেটে দেয়।
অন্যদিকে এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তিন নম্বর ব্লক তৃণমূল কিষান সেলের সভাপতি শেখ আজগর আলী বলেন, “দুর্গাপুর পশ্চিম আসনে হার নিশ্চিত বুঝতে পেরে রাতের অন্ধকারে বিজেপি এই কাজ করছে।” যদিও অভিযোগ অস্বীকার করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই পাল্টা দাবি করেন, মানুষকে বিভ্রান্ত করতে তৃণমূল এই কৌশল নিয়েছে।
প্রসঙ্গত আসন্ন নির্বাচনকে ঘিরে শিল্পাঞ্চলে জোর কদমে প্রচার চালাচ্ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। এরই মধ্যে দলীয় পাতা সহ নানা ইস্যুতে চলছে রাজনৈতিক তরজাও। সব মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে ক্রমশ রাজনৈতিক পারদ চড়ছে শিল্পাঞ্চলে।



















