eaibanglai
Homeএই বাংলায়শহরে বাইক রাইডারদের দাপট রুখতে ট্রাফিক পুলিশের অভিযান

শহরে বাইক রাইডারদের দাপট রুখতে ট্রাফিক পুলিশের অভিযান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শিল্প শহরে বিকট শব্দে যাতায়াত করা বাইকের বিরুদ্ধে অভিযানে নামল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর ট্রাফিক পুলিশ বিভাগ। শনিবার সন্ধ্যায় চড়া শব্দের সাইলেন্সার লাগানো বাইকের বিরুদ্ধে বিশেষ অভিযান নামে ট্রাফিক পুলিশ। এদিন মুচিপাড়া এলাকায় অভিযান চালালো হয় এবং বেশ কয়েকটি চড়া শব্দের সাইলেন্সার লাগানো বাইক চালকদের বিরুদ্ধে মোটর ভেহিকেল আইন অনুযায়ী জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের সাইলেন্সার ব্যবহার না করার জন্য সতর্কও করা হয়।

প্রসঙ্গত শহরে দীর্ঘদিন ধরেই উচ্চ শব্দ যুক্ত সাইলেন্সার ব্যবহার করে বেপরোয়া বাইক চালানোর অভিযোগ আসছিল। রাত বাড়তেই শহরের বিভিন্ন রাস্তায় চড়া শব্দের সাইলেন্সর লাগানো বাইকের দাপট শুরু হয়। কখনও আবার সাইলেন্সর থেকে বের হয় আগুন ঝড়ানো ফুলকি। এই সব বাইকারদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠছে শহরবাসী। এতে এক দিকে যেমন শব্দ দূষণ বাড়ছে তেমনি সাধারণ পথচারী ও বাসিন্দাদের মধ্যে অসুবিধা সৃষ্টি হচ্ছে। এলাকার শান্তি বিঘ্নিত হওয়ার অভিযোগও উঠছে।

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শব্দদূষণ নিয়ন্ত্রণে এই অভিযান ধারাবাহিকভাবে চলবে। আইন ভেঙে যারা বিকট শব্দের সাইলেন্সার ব্যবহার করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি লাইসেন্সও বাতিল করা হতে পারে।

অন্যদিকে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের বাসিন্দারা। শহরবাসীর মতে এই ধরনের অভিযান নিয়মিত হলে দুর্গাপুরের শব্দ দূষণ অনেকটাই কমবে এবং শহরের পরিবেশ শান্ত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments