নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আগামী মাসের ২৩ ও ২৯ তারিখ রাজ্যে দু’দফায় অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। ২৩ তারিখ প্রথম দফায় অনুষ্ঠিত হবে পশ্চিম বর্ধমান জেলার নয়টি আসনে নির্বাচন। এদিকে গত সোমবারই প্রথম দফার জন্য নমিনেশনের বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। ফলে গত সোমবার থেকেই প্রার্থীরা নমিনেশন বা মনোনয়ন জমা দিতে শুরু করেছেন।
মঙ্গলবার, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের মনোনয়নপত্র জমা দিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। এক বর্ণাঢ্য শোভা যাত্রার করে এদিন দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দেন।
অন্যদিকে এদিন দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে একসাথে মনোনয়নপত্র দাখিল করেন সিপিএমের চার প্রার্থী। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী সীমান্ত চট্টোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের প্রভাস সাঁই, রানীগঞ্জের নারায়ণ বাউরি এবং পাণ্ডবেশ্বরের প্রবীর মন্ডল। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে তারা মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান এবং মনোনয়ন পত্র জমা দেন।



















