নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সম্প্রতি রাজ্যের বেকার যুবদের জন্য বাংলার যুব সাথী প্রকল্প ঘোষণা করেছে সরকার। যার মাধ্যমে ২১ থেকে ৪০ বছর বয়সি, মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ, বেকার ছেলে-মেয়েদের মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। ভাতা হিসেবে দেওয়া হবে মাসিক ১৫০০টাকা। ১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রকল্পের ফর্ম বিতরণ। জেলায় জেলায় ফর্ম বিতরণের ক্যাম্প করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে জেলার প্রতি বিধানসভা কেন্দ্রে একটি করে ক্যাম্প করা হয়েছে।
অন্যান্য জায়গার মতো দুর্গাপুরের সিটিসেন্টারের ভগত সিং স্টেডিয়ামেও খোলা হয়েছে ক্যাম্প। প্রথম দিনেই ভিড় ছিল চোখে পড়ার মতো। এই প্রকল্প নিয়ে রীতিমতো উৎসাহ দেখা যায় যুবদের মধ্যে। অনেকেই এই ভাতার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে জানান, এই ভাতা তাদের পড়াশোনার পাশাপাশি দৈনন্দিন খরচ মেটাতে সহায়তা করবে।
নবান্ন সূত্রে খবর, ফর্ম জমা ও রেজিস্ট্রেশনের পরে ফর্ম যাচাই হবে। তার পরে এপ্রিলের ১ তারিখ থেকে নির্দিষ্ট অ্যাকাউন্টে ঢুকবে টাকা। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ফর্ম তোলা যাবে।


















