মনোজ সিংহ, দুর্গাপুরঃ- শিল্পাঞ্চল দুর্গাপুরে ভোরের আলো ফোটার সাথে সাথে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর ম্যারাথন ২০২৬, ‘রান ফর ডাইবেটিস’- ‘রান ফর এনভারমেন্ট’। মূলত লায়ন্স ক্লাব অব দুর্গাপুরের উদ্যোগে গত দু’বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এই দুর্গাপুর ম্যারাথন ২০২৬। এবছরের তৃতীয় বর্ষে এক নতুন উদ্দীপনায় জংশনমল দুর্গাপুর, মোহনবাগান ফ্যান ক্লাব ও ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশন এর যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে দুর্গাপুর ম্যারাথন ২০২৬।
‘স্বাস্থ্যই সম্পদ’। ইদানিং কালে প্রতিটি মানুষই স্বাস্থ্য সচেতন। সুস্থ শরীর, সুস্থ মন ও প্রাণ উজ্জ্বল ভাবে বেঁচে থাকার জন্য শিল্পাঞ্চলের প্রায় প্রতিটি রাস্তায় ভোরের আলো ফোটার আগেই দলে দলে মানুষকে দেখা যায় প্রাতঃভ্রমণে করতে। শিল্পাঞ্চল দুর্গাপুরের বহু মানুষ মধুময় রোগ বা ডাইবেটিসের শিকার। এই মারণ রোগ ডায়াবেটিসকে নির্মূল করার লক্ষ্য নিয়ে এবার দুর্গাপুর লাইন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুর ম্যারাথন ২০২৬ ‘রান ফর ডাইবেটিস’ দৌড় প্রতিযোগিতা। দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের জংশন মলের সামনে থেকে আজ ৮ই ফেব্রুয়ারি শুরু হবে ৫ কিলোমিটারের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।
গত দুদিন আগে বিধাননগরে অবস্থিত ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশন এর নিজস্ব প্রেক্ষাগৃহে সাংবাদিক সম্মেলনে উক্ত ম্যারাথনের উদ্দেশ্য, রুট ম্যাপ, অংশগ্রহণকারীদের জন্য নিয়মাবলী ও ব্যবস্থাপনার বিস্তারিত তথ্য সাংবাদিকদের দেওয়া হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ দুর্গাপুরের সভাপতি রাকেশ ভাট্টা, লায়ন্স ক্লাবের পরিচালনা কমিটির চেয়ারম্যান বিপ্লব চ্যাটার্জী, মোহনবাগান ফ্যান ক্লাবের প্রতিনিধি সুপ্রিয় গাঙ্গুলি, দুর্গাপুর জংশন মলের প্রতিনিধি, ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশন এর সেক্রেটারি শিউলি মুখার্জি ও সংস্থার কর্ণধার অনুপম মুখার্জী সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ।

এদিন দুর্গাপুর ম্যারাথন ২০২৬ এর নামাঙ্কিত ও মুদ্রিত বিশেষ টি-শার্ট ও অংশগ্রহণকারী সফল প্রতিযোগীদের জন্য যে বিশেষ মেডেলের ব্যবস্থা রয়েছে তা উন্মোচন করা হয় উদ্যোক্তারা। দুর্গাপুর ম্যারাথন ২০২৬ এ মোট এক হাজার জন বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলা প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে।
পরিবেশ দূষণের হাত থেকে বাঁচতে বৃক্ষরোপণের উপর জোর দেওয়ার জন্য এদিন শিল্পাঞ্চলের প্রতিটি মানুষকে দুর্গাপুর ম্যারাথন ২০২৬ এ ‘রান ফর এনভারমেন্ট’ রূপেও অংশগ্রহণকারী হিসেবে যোগদান করে এই দুর্গাপুর ম্যারাথন ২০২৬ কে এক নতুন দিগান্তের আলো দেখাবে বলে জানিয়েছিলেন ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশন এর সেক্রেটারি শিউলি মুখার্জি।
ডাইবেটিস রোগ কে নির্মূল করার লক্ষ্যে এদিন উদ্যোক্তারা জানান সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে খেলাধুলার ও শরীর চর্চার মাধ্যমে এই রোগকে নির্মূল করা সম্ভব। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে খেলাধুলার মাধ্যমে একসূত্রে বাঁধাই করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এই ধরনের সামাজিক ও ক্রীড়া উদ্যোগ দুর্গাপুরের মতো শিল্পনগরীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এই ম্যারাথন আয়োজনের পরিকল্পনাও রয়েছে। খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, এটি শৃঙ্খলা, একতা ও সুস্থ সমাজ গঠনের অন্যতম মাধ্যম। এছাড়াও সংস্থার উদ্যোগে এ বছরের এই ম্যারাথন দৌড়ের জন্য কোন প্রবেশ মূল্য নেওয়া হবে না। যেকোনো বয়সের মানুষেরাই এই দৌড়ে অংশগ্রহণ করতে পারেন। আগামী প্রজন্মকে সুস্থ শরীর ও সুস্থ মনের গঠনের লক্ষ্যে এই ম্যারাথন দৌড় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানান। দুর্গাপুর শহরের ক্রীড়াপ্রেমী মানুষদের মধ্যে ইতিমধ্যেই এই ম্যারাথন ঘিরে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে বলে জানিয়েছিলেন লায়ন্স ক্লাবের পরিচালনা কমিটির চেয়ারম্যান বিপ্লব চ্যাটার্জী।




















