সংবাদদাতা,বাঁকুড়াঃ- খাদ্য সুরক্ষাবিধি লঙ্ঘন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অভিযোগে আজ বাঁকুড়ার ইন্দপুর ব্লকের বাংলা বাজার, বাগডিয়াসহ বিভিন্ন এলাকার হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে ঝটিকা অভিযান চালাল জেলা খাদ্য সুরক্ষা দপ্তর। অভিযানে একাধিক নামী দোকানে চরম অনিয়মের ছবি ধরা পড়েছে।
ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, এদিনের অভিযানে মিষ্টি ও খাবারের দোকানগুলির রান্নাঘর, খাবার তৈরির উপকরণ, রান্নার পদ্ধতি, কর্মীদের স্বাস্থ্যবিধি এবং ব্যবহৃত জলের মান পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়। পরিদর্শন চলাকালীন একাধিক দোকানে মেয়াদ উত্তীর্ণ (Expired) প্যাকেটজাত দুধ, দীর্ঘদিন ধরে মজুত রাখা পচা মশলা এবং মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় উদ্ধার করেন আধিকারিকরা। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগে বেশ কিছু হোটেল মালিককে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।
যেসব দোকানে এই ধরণের গুরুতর অনিয়ম ও গাফিলতি ধরা পড়েছে, প্রশাসনের পক্ষ থেকে তাদের কড়া নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে পরিস্থিতি সংশোধন না করলে আইনি পদক্ষেপ ও লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিনের বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা, ইন্দপুর ব্লকের বিডিও প্রসেনজিৎ চৌধুরী এবং ইন্দপুর থানার ওসি শ্রীমন্ত চক্রবর্তীসহ পুলিশ ও ব্লক প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। উৎসবের মরশুমের আগে প্রশাসনের এমন আকস্মিক অভিযানে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গেছে।