eaibanglai
Homeএই বাংলায়হাওড়ায় তৃণমূল শিবিরে ধস, শতাধিক পরিবারের বিজেপিতে যোগদান

হাওড়ায় তৃণমূল শিবিরে ধস, শতাধিক পরিবারের বিজেপিতে যোগদান

রিমা ঘোষ, আমতা, হাওড়া:- আসন্ন বিধানসভা নির্বাচনের উত্তাপ বাড়ার সাথে সাথেই হাওড়ার গ্রামীণ এলাকায় তৃণমূল শিবিরে নামল ব্যাপক ধস। আমতা বিধানসভা কেন্দ্রের আমতা ও সিরাজবাটী অঞ্চলের শতাধিক সক্রিয় তৃণমূল কর্মী তাদের পরিবার সহ ঘাসফুল শিবির ত্যাগ করে বিজেপিতে শামিল হলেন। এই গণ-দলবদল আমতা কেন্দ্রে শাসক দলের অস্বস্তি বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাদের মতে, তৃণমূলের দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে এই ভাঙন বিজেপির আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল।

​ শনিবার সন্ধ্যায় সিটিসি বাসস্ট্যান্ডে উলুবেড়িয়া উত্তরের বিজেপি প্রার্থীর সমর্থনে এক পথসভার আয়োজন করা হয়। সেখানেই তৃণমূল ত্যাগী কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রার্থী চিরণ বেরা ও হাওড়া জেলা সভাপতি দেবাশিস সামন্ত সহ বিজেপির জেলা নেতৃত্ব। উপস্থিত ছিলেন হাওড়া জেলা সভানেত্রী মামনী মালিক, ১ নং মন্ডল সভাপতি গৌতম দলুই সহ অন্যান্যরা।

দলত্যাগীদের মধ্যে ছিলেন উলুবেড়িয়া উত্তরের তৃণমূলের যুব সাধারণ সম্পাদক। পুরনো দলের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে তিনি দাবি করেন, “এলাকার সাধারণ মানুষ রাস্তাঘাট সহ নূন্যতম পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছিলেন। উচ্চ নেতৃত্বকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই তারা দলত্যাগ করলেন।”

​ যদিও ​এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, এই ঘটনায় দলের সংগঠনের ওপর কোনো প্রভাব পড়বেনা। কারণ নির্বাচনের আগে কিছু সুবিধাবাদী মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য দলবদল করেন।

​ নির্বাচনের দোরগোড়ায় এই ভাঙন আমতা কেন্দ্রে শাসক দলের ভোটব্যাঙ্কে কতটা ফাটল ধরায়, এখন সেটাই দেখার বিষয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments