নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের উদ্যোগে দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু হলো। রবিবার দুর্গাপুরের পুরসা গ্রামে প্রায় এক কিলোমিটার দীর্ঘ নতুন রাস্তার শিলান্যাস করেন বিধায়ক। এই সড়কটি নির্মাণের জন্য মোট ৬০ লক্ষ ৪২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। বিধায়কের দাবি, বিগত ৫০ বছর ধরে এই রাস্তার কোনো সংস্কার কাজ হয়নি।
শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই জানান, নতুন রাস্তার নির্মাণ কাজ শেষ হওয়ার পরপরই বিধায়ক তহবিল থেকে রাস্তার দু'পাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। এর পাশাপাশি, স্থানীয় পুরসা ক্যানেল সংলগ্ন এলাকায় মহিলাদের ব্যবহারের জন্য স্নানের ঘাট এবং ছটপূজার ঘাট তৈরি করার আশ্বাসও দেন তিনি।
এদিন পুরসা ক্যানেল ও পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করার পর সেখানে একটি নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা ঘোষণা করেন বিধায়ক। তিনি বলেন, "সামনে দামোদর নদ এবং চারপাশের মনোরম পরিবেশকে কাজে লাগিয়ে এই এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। এতে স্থানীয় অর্থনীতির বিকাশ ঘটবে এবং সরকারের রাজস্ব বাড়বে।" এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তিনি দ্রুত রাজ্যের পর্যটনমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। রাস্তা সংস্কারের পাশাপাশি এই সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের উদ্যোগে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা।