নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার ম্যাক্স মুলার পথে এক মহিলার ব্যাগ ছিনতাই করে বাইক নিয়ে পালানোর চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম শেখ তাহির উদ্দিন (ওরফে শেখ তাহেরউদ্দিন)। সে স্থানীয় পলাশডিহার মসজিদপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনার জেরে সিটি সেন্টার চত্বরে সাময়িক উত্তেজনা তৈরি হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিতা হালদার নামের ওই মহিলা রাস্তা দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত শেখ তাহির উদ্দিন বাইকে করে এসে আচমকা তাঁর হাতের ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে। ঘটনাটি নজরে আসতেই সিটি সেন্টার ফাঁড়ির ইনচার্জ গোপাল পাত্রের নেতৃত্বে পুলিশ কর্মীরা নিজস্ব যানবাহন নিয়ে তৎক্ষণাৎ ওই বাইকআরোহীর পিছু ধাওয়া করেন। পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় অভিযুক্ত যুবক সোনার তরীর জঙ্গলের সামনে ছিনতাই করা ব্যাগটি ফেলে রেখে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা চালায়।
তবে পুলিশ পিছু না ছেড়ে ধাওয়া বজায় রাখে এবং অবশেষে দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে থেকে অভিযুক্তকে বাইক-সহ পাকড়াও করে। পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাই হওয়া ব্যাগটি উদ্ধার করেছে এবং অভিযুক্তের ব্যবহৃত মোটর সাইকেলটি বাজেয়াপ্ত করেছে। জনবহুল এলাকায় অপরাধ ঘটার সাথে সাথেই পুলিশের এমন দ্রুত পদক্ষেপ ও তৎপরতার কারণে স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনের ভূমিকার সন্তোষ প্রকাশ করেছেন।