সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- আসানসোলের শিল্পাঞ্চলবাসীর দীর্ঘ ১৫ বছরের পুরনো একটি বড় সমস্যার সমাধান হলো। সাধারণ মানুষের দৈনিক যাতায়াত আরও সহজ ও সুগম করতে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে আসানসোল সেনরেল রোডে পুনরায় চালু করা হলো মিনিবাস পরিষেবা। এই মিনিবাস রুটটি পুনরায় সচল হওয়ায় স্থানীয় সাধারণ মানুষ ও দৈনিক নিত্যযাত্রীদের মধ্যে ব্যাপক খুশির পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের দীর্ঘদিনের এই দাবি ও সমস্যার কথা বিবেচনা করে আসানসোল উত্তরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় মিনিবাস মালিক ও সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের কাছে পরিষেবাটি পুনরায় শুরু করার জন্য বিশেষ আবেদন জানিয়েছিলেন। বিধায়কের সেই আন্তরিক অনুরোধ ও উদ্যোগের পরিপ্রেক্ষিতেই দীর্ঘ দেড় দশক পর এই লাভজনক ও অত্যন্ত প্রয়োজনীয় গণপরিবহন পরিষেবাটি নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই বহুপ্রতীক্ষিত মিনিবাস পরিষেবার শুভ উদ্বোধন করেন বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় নিজে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, এলাকার মানুষের যাতায়াতের সমস্যা দূর করতে এবং যোগাযোগ ব্যবস্থার মান উন্নত করতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল। অন্যদিকে, দীর্ঘ ১৫ বছর পর রাস্তায় পুনরায় বাস চলতে দেখে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। এই উদ্যোগ সফল করার জন্য তাঁরা স্থানীয় বিধায়ক ও বাস মালিক সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।