সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পিতাকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের করা একটি মন্তব্যের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ প্রদর্শন করল ভারতীয় জনতা মজদুর মঞ্চ। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর কোক ওভেন থানা এলাকার গ্যামন ব্রিজে কংগ্রেস সভাপতির কুশপুতুল দাহ করেন সংগঠনের সদস্যরা।
বিক্ষোভ কর্মসূচির জেরে গ্যামন ব্রিজ এলাকায় কিছুক্ষণের জন্য যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। পরবর্তীতে কোক ওভেন থানার পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। এরপর সংগঠনের প্রতিনিধিরা কোক ওভেন থানায় গিয়ে কংগ্রেস সভাপতির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করার আবেদন জানান। বিক্ষোভকারীদের দাবি, এই ধরনের মন্তব্যের জন্য মল্লিকার্জুন খাড়গেকে অবিলম্বে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে এবং তাঁকে গ্রেফতার করতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ভারতীয় মজদুর সংঘের রাজ্য সাধারণ সম্পাদক কল্যাণ দুবে অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে দেশের প্রধানমন্ত্রীর পরিবারকে জড়িয়ে এই ধরনের কুরুচিকর ভাষা ব্যবহার করা হয়েছে। তিনি দাবি করেন, এই ধরণের রাজনৈতিক সংস্কৃতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং এর বিরুদ্ধে তাঁদের গণতান্ত্রিক প্রতিবাদ জারি থাকবে। পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, লিখিত অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।