নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বুধবার সাত সকালে পানাগড়ে দুর্ঘটনার কবলে পড়ল মালগাড়ি। পানাগড় স্টেশনের কাছে মালগাড়ির চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। যদিও দুর্ঘটনার জেরে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রের জানা যায়, বুধবার সকালে পানাগড় শিল্পতালুক থেকে সিমেন্ট বোঝাই মালগাড়ি দুর্গাপুরের দিকে রওনা দেয়। সেই সময়েই পানাগড় স্টেশন পেরনোর সময়ে চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এর ফলে ট্রেনটি পানাগর স্টেশনে দাঁড়িয়ে পড়ে এবং ১০৩ নম্বর রেলগেট বন্ধ হয়ে যায়। যার ফলে সমস্যায় পড়তে হয় রেলগেট পারাপারের জন্য অপেক্ষারত মানুষজন। অন্যদিকে মালগাড়িটি স্লো লাইনে থাকার কারণে রেল চলাচল ব্যাহত হয়নি।
এদিকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিক এবং মেকানিক্যাল বিভাগের কর্মীরা। প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা চালানোর পর লাইনচ্যুত বগিগুলি লাইনে তোলা সম্ভব হয়।
তবে কি করে এই দুর্ঘটনা ঘটলো তা জানা যায়নি। রেলের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।