নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পুলওয়ামা হামলায় শহীদ জওয়ানদের স্মরণে সারা দেশজুড়েই অনুষ্ঠিত হয় নানা কর্মসূচি। এদিন শহরের শঙ্করপুর মোড় মাঠে প্রাক্তন সেনা জওয়ান ও তৃণমূল পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। অনুষ্ঠানের আগে, মোমবাতি প্রজ্জ্বলন করে নীরবতার মধ্য়ে শহীদ সেনা জওয়ানদের স্মরণ করা হয় এবং নীরবতার সেই মিছিল ধীরে ধীরে পৌঁছয় স্মৃতিসৌধে। সেখানে সকলে প্রজ্জবলিত মোমবাতি ও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সদস্য স্বাধীন ঘোষ, কর্নেল উজ্জ্বল মুখার্জি, স্বপন দাস, সভাপতি পি কে ব্যানার্জি, সহ-সভাপতি অসিত কুমার দে এবং প্রাক্তন সৈনিকদের পরিবারের সদস্য এবং অভিভাবকরা।
প্রসঙ্গত উল্লেখ্য ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরার লেথপোরায় একটি জঙ্গি হামলায় (আত্মঘাতী গাড়িবোমা হামলা) ৪০ জনেরও বেশি জওয়ান শহীদ হয়েছিলেন। তাঁদের অসামান্য আত্মত্যাগ চিরকাল ভারতমাতার হৃদয়ে অমলিন থাকবে।


















