সংবাদদাতা,আসানসোলঃ- একসময় কুলটি মানেই শুধু ছিল উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নাম। কুলটি বিধানসভায় তিনবারের হ্যাটট্রিক করা বিধায়ক। শুধু তাই নয়, বাম আমলে কুলটির বুকে জোড়া ফুল ফুটিয়েছিলেন তিনি । সেই উজ্জ্বল চট্টোপাধ্যায় গত বিধানসভা ভোটে মাত্র ৬০০ ভোটে হেরে গিয়েছিলেন বিজেপি প্রার্থীর কাছে । এবার আর তাকে ভোটে লড়ার টিকিট দেয়নি দল। বরং হারানো আসন ফিরে পেতে দল ভরসা রেখেছে আসানসোলের ডেপুটি মেয়র তথা মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটকের উপর।
এদিকে নির্বাচনের টিকিট না পেয়ে আক্ষেপের সুর শোনা যায় প্রাক্তন বিধায়কে গলায়। তাঁকে বলতে শোনা যায়, “আমার খেলা শেষ হয়ে গিয়েছে”। তবে দলের পাশে থাকার কথাও জানান। তবুও তাঁর গলায় আক্ষেপের সুর ঘিরে শুরু হয়েছিল জল্পনা।
এরই মাঝে কুলটির নিয়ামতপুরে আয়োজিত দলীয় কর্মীসভায় উপস্থিত হয়ে, প্রার্থী অভিজিৎ ঘটকের পাশে দাঁড়িয়ে তাকে ভোট দিয়ে জয়ী করার জন্য দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছে আবেদন রাখলেন উজ্জ্বল চ্যাটার্জ্জী।
প্রাক্তন বিধায়কের এই ভূমিকায় তাকে ঘিরে যে সমস্ত জল্পনার সৃষ্টি হচ্ছিল তার অবসান ঘটল বলে মনে করছে রাজনৈতিক মহল। তাদের মতে, উজ্জ্বল চ্যাটার্জ্জীর উপস্থিতি এলাকায় তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।


















