নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর ব্যারেজের লকগেট মেরামতি ও জরুরি সংস্কার কাজের জন্য আজ, ১১ সেপ্টেম্বর থেকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাতে বন্ধ থাকবে ব্যারেজের ওপর দিয়ে যান চলাচল । ট্রাফিক পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই ৫ দিন রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত ব্যারেজ রাস্তায় সমস্ত সাধারণ গাড়ির যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স বা দমকলের মতো অত্যন্ত জরুরি পরিষেবা এই নিয়মের আওতার বাইরে থাকবে।
মুচিপাড়া ট্রাফিক গার্ডের ওসি ইতিমধ্যেই রাতে যাতায়াতকারী দূরপাল্লার লরি ও ভারী যানবাহনের চালকদের এই সময়সূচি মেনে চলার কড়া নির্দেশ দিয়েছেন। মাঝরাতে অনাকাঙ্ক্ষিত যানজট ও ভোগান্তি এড়াতে তিনি চালকদের এই নির্দিষ্ট সময়ে দুর্গাপুর ব্যারেজ রুটটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া বা ওড়িশাগামী গাড়িগুলোকে বিকল্প পথ হিসেবে মেজিয়া সেতু (রানিগঞ্জ) অথবা বেলিয়াতোড়, সোনামুখী হয়ে বর্ধমানের রাস্তা ব্যবহার করতে হবে। মাঝরাতের এই সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়ে সাধারণ মানুষ ও চালকদের সহযোগিতা কামনা করেছে স্থানীয় পুলিশ প্রশাসন ।