সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের পার্বতীপুর গ্রামে সদ্য সূচিত একটি মেগা শিল্পপ্রকল্পকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে জমছে ক্ষোভ ও উদ্বেগ। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই এলাকায় প্রায় ১৫ হাজার কোটি টাকার একটি বৃহৎ প্রকল্পের ভূমিপূজন সম্পন্ন করে যাওয়ার পরেই বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সরব হয়েছেন এলাকার মহিলারা সহ স্থানীয় বাসিন্দাদের একাংশ।
স্থানীয়দের দাবি, প্রকল্প এলাকার বেশ কিছু পুকুর ও জলাশয় ভরাটের প্রক্রিয়া শুরু হয়েছে এবং কিছু অংশ ইতিমধ্যে পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এই জলাশয়গুলির বর্তমান আইনি পরিস্থিতি এবং পরিবেশগত অনুমোদন খতিয়ে দেখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা। এছাড়াও এলাকার নবনির্মিত আন্ডারপাসের নকশা নিয়ে প্রশ্ন তুলেছেন চাষিরা। অভিযোগ, এই সংকীর্ণ আন্ডারপাস দিয়ে বড় কৃষিযন্ত্র বা ধান কাটার হার্ভেস্টার মেশিন যাতায়াত করতে পারবে না, যা ভবিষ্যতে এলাকার কৃষিকাজে বড়সড় সংকট তৈরি করতে পারে। পাশাপাশি এলাকায় বিশাল এই শিল্পের কাজ এগোতেই পরিবেশের ওপর তার কী প্রভাব পড়ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত দূষণ নিয়ন্ত্রণ ও কড়া নজরদারি চালানো উচিত।
অন্যদিকে কর্মসংস্থান নিয়েও ধন্দে রয়েছেন স্থানীয়রা। এত বড় অঙ্কের বিনিয়োগের প্রকল্প গড়ে উঠলেও স্থানীয় বেকার যুবক-যুবতীরা সেখানে কতটা অগ্রাধিকার পাবেন, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। গ্রামবাসীদের স্পষ্ট দাবি, নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দেরই প্রথম সুযোগ দিতে হবে।
বিশাল এই শিল্পপ্রকল্পকে ঘিরে একদিকে যখন অর্থনৈতিক অগ্রগতির আশা করা হচ্ছে, অন্যদিকে স্থানীয়দের এই পরিকাঠামোগত ও পরিবেশগত উদ্বেগগুলি খতিয়ে দেখে প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।