সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পঞ্চম দোল উৎসবে ফের রঙের উল্লাসে মাতলো কুলটির মিঠানি গ্রাম। ঢুলিবাদ্যের তালে সানাইয়ের সুর, আর বাতাস জুড়ে রঙিন আবির। দোলের পাঁচদিন পর এমনই রঙীন ছবি ধরা পড়ল মিঠানি গ্রাম জুড়ে। প্রায় ২০০ বছরেরও বেশি সময় ধরে মিঠানি গ্রামে দোলের এই অভিনব রীতি-রেওয়াজ চলে আসছে।
দোল পূর্ণিমার পর চতুর্থীর চাঁদ ওঠার রাত থেকেই শুরু হয় মিঠানি গ্রাম ঐতিহ্যবাহী পঞ্চম দোল উৎসব। শনিবার চাচর বা হোলিকা দহন সম্পন্ন হওয়ার পর রবিবার পালিত হলো পঞ্চম দোলের মূল উৎসব। এই উৎসবের সূচনা হয় গ্রামের চট্টরাজ পরিবারের কুলদেবতা বাসুদেবচন্দ্র জিউ-এর বিশেষ পুজো ও আরাধনার মাধ্যমে। উৎসব উপলক্ষে দুদিন ধরে দোল মন্দির আলোর রোশনাইয়ে সেজে ওঠে। মন্দির থেকে বাসুদেবচন্দ্র জিউ-এর সঙ্গে আরও দুই কুলদেবতা লক্ষ্মী নারায়ণ জিউ ও দামোদর চন্দ্র জিউ-কে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গ্রাম প্রদক্ষিণ করানো হয়। শোভাযাত্রা গিয়ে পৌঁছায় গ্রামের শেষ প্রান্তে, যেখানে হোম-যজ্ঞের পর হোলিকা দহন এবং আতসবাজির আয়োজন করা হয়।
রবিবার বাসুদেবচন্দ্র জিউ-কে দোল খেলানোর মধ্য দিয়ে শুরু হয় রঙের উৎসব। গ্রামবাসী—ছেলে, মেয়ে, যুবক-যুবতী থেকে শুরু করে গৃহবধূরাও আবির-গুলালে মেতে ওঠেন। আগে এই উৎসব শুধুমাত্র চট্টরাজ পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে গত কয়েক বছরে এটি সর্বজনীন রূপ পেয়েছে। গ্রামের বাসিন্দা যারা কাজের সূত্রে জেলা বা রাজ্যের বাইরে থাকেন তারাও ছুটি নিয়ে এই পঞ্চম দোল উৎসবে যোগ দিতে গ্রামে ফিরে আসেন।


















