সংবাদদাতা,আসানসোলঃ- দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকার পর অবশেষে আসানসোলের গুরুত্বপূর্ণ সেনরেল রোড তথা বিবেকানন্দ সরণীর পাঁচমুখী ব্রিজ সংলগ্ন রাস্তা সংস্কারে উদ্যোগী হল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। বুধবার ‘আড্ডা’-র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ও ইঞ্জিনিয়াররা এলাকাটি সরজমিনে পরিদর্শন করেন এবং দ্রুত রাস্তা মেরামতের সিদ্ধান্ত নেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে এই রাস্তায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। গত মঙ্গলবারও চালবোঝাই একটি লরি এখানে উল্টে গিয়ে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পায়। বিষয়টি স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নজরে আসার পর তিনি অবিলম্বে ‘আড্ডা’-র শীর্ষ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরই অনুরোধে বুধবার আধিকারিকরা এলাকা পরিদর্শনে যান।
পরিদর্শন শেষে আধিকারিকদের তরফে জানানো হয়েছে, আপাতত রাস্তার বড় গর্তগুলি ভরাট করে জরুরি ভিত্তিতে প্যাচওয়ার্কের কাজ করা হবে। আগামী এক থেকে দু'দিনের মধ্যেই এই মেরামতের কাজ শুরু হবে।
রাস্তার পাশাপাশি এলাকার অপর একটি বড় সমস্যা হল অসম্পূর্ণ নিকাশি ব্যবস্থা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে নর্দমার কাজ অধরা থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে নদী রূপ নেয়। জলের তলায় গর্তগুলি ঢাকা পড়ে যাওয়ায় দুর্ঘটনার প্রবণতা আরও বেড়ে যায়। এই বিষয়ে ‘আড্ডা’-র প্রতিনিধি দল আশ্বাস দিয়েছে যে, আগামী শারদ উৎসবের আগেই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে নর্দমার বাকি থাকা কাজ সম্পূর্ণ করা হবে।
উন্নয়ন পর্ষদের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিজেপি মণ্ডলের নেতা শুভাশিষ দাস। তিনি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার জন্য বিধায়কের উদ্যোগের প্রশংসা করেন। অন্যদিকে বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, “এলাকার বাসিন্দারা আমাকে এই রাস্তার দুর্দশার কথা জানিয়েছিলেন। আমি নিজেও পরিস্থিতি খতিয়ে দেখে ‘আড্ডা’-কে বিষয়টি জানাই। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে তারা যে দ্রুত পদক্ষেপ করছেন, তা অত্যন্ত ইতিবাচক।”
আপাতত এই ব্যস্ততম রাস্তার ভোলবদল এবং নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের দিকেই চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন আসানসোলবাসী।