সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মসংস্থান প্রকল্পের (১২৫ দিনের প্রকল্প) শ্রমিকদের সময়মতো পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানার পরই দ্রুত হস্তক্ষেপ করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র কুমার তিওয়ারি। তিনি সরাসরি সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিকের সঙ্গে ফোনে কথা বলে শ্রমিকদের এই সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের অনুরোধ জানান।
বিধায়ক জানান, শ্রমিকরা কঠোর পরিশ্রম করে কাজ করার পরও যদি সময়মতো প্রাপ্য মজুরি না পান, তবে তাঁদের মধ্যে হতাশা তৈরি হওয়া স্বাভাবিক। ফোনালাপে তিনি বিডিও-কে শ্রমিকদের উপস্থিতি (অ্যাটেনডেন্স) এবং পারিশ্রমিক সংক্রান্ত নথিপত্র দ্রুত খতিয়ে দেখার আহ্বান জানান, যাতে প্রকল্পের কাজ স্বাভাবিকভাবে চলতে পারে।
পাশাপাশি, শ্রমিকদের প্রাপ্য মজুরি নিশ্চিত করতে তিনি নিজে এই বিষয়টি নজরে রাখবেন বলে জানিয়েছেন। আগামী এক সপ্তাহ পর তিনি পুনরায় প্রশাসনের কাছ থেকে এই সমস্যার অগ্রগতির খোঁজ নেবেন বলেও আশ্বাস দিয়েছেন।