eaibanglai
Homeএই বাংলায়পাণ্ডবেশ্বরের সভা থেকে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে তোপ মুখ্যমন্ত্রীর

পাণ্ডবেশ্বরের সভা থেকে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে তোপ মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বুধবার থেকে দলীয় প্রার্থীদের হয়ে জেলায় জেলায় ঘুরে নির্বাচনী প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে স্থানীয় লাউদোহা মাঠে জনসভা করেন দলনেত্রী । আর এই সভা থেকে এসআইআর প্রসঙ্গে কমিশনের কাজের সমালোচনা করে তালিকা থেকে নাম বাদ যাওয়াদের আইনি সহায়তার আশ্বাস দেন।

এদিনের সভা থেকে নির্বাচনের কমিশনের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “বাদবাকি লিস্ট (অতিরিক্ত ভোটার তালিকা) দ্রুত প্রকাশ করুন। আমাদের সংগঠকদের বলব, যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করে দরখাস্ত নিন। এবং এই দরখাস্তগুলো ট্রাইবুনালে জমা দেওয়ার ব্যবস্থা করবেন। তাঁদের জন্য বিনা পয়সায় আইনজীবী দেওয়া হবে। যাঁদের নাম বাদ গিয়েছে, আইনজীবী তাঁদের হয়ে ট্রাইবুনালে লড়াই করবে।”

এসআইআর নিয়ে অভিযোগ করে তিনি বলেন, “ভোটার তালিকা সংশোধনের নামে বহু মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।” তাই তিনি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, “একসঙ্গে থাকলেই অন্যায়ের বিরুদ্ধে জেতা সম্ভব”।

এছাড়াও এদিন আসন্ন নির্বাচনে বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াইকে কৌরবদের সঙ্গে পাণ্ডবদের লড়াই বলে অভিহিত করেন তিনি। ভারতীয় জনতা পার্টি-কে কৌরবদের সঙ্গে তুলনা করে ও মহাভারতের উদাহরণ টেনে বলেন, “এই লড়াই ন্যায় ও অন্যায়ের। বিজেপি কৌরব পক্ষ। আর তৃণমূল পাণ্ডব পক্ষ। আমি যদি যোদ্ধা হই আপনারা সহযোদ্ধা। অন্যায় ও বিভাজনের রাজনীতিকে পরাজিত করে পাণ্ডবদের মতোই আবার জিতবে বাংলা।”

এদিনের সভা শেষে অন্ডাল বিমান বন্দ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments