নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: শারদীয়ার আবহে ইস্পাতনগরীতে যেন তারকার আলো। গান, গল্প আর চেনা হাসিতে দুর্গাপুরের আপামর দর্শকদের মন জয় করে নিলেন টলিউডের 'ইন্ডাস্ট্রি' তথা জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দুর্গাপুরের চণ্ডীদাসের রাজেন্দ্র প্রসাদ সর্বজনীন দুর্গাপুজো প্রাঙ্গণে হাজির হয়ে তিনি মেতে উঠলেন উৎসবের আমেজে, ভাগ করে নিলেন অনুরাগীদের আনন্দ। প্রিয় অভিনেতাকে একবার চোখের দেখা দেখতে এবং তাঁর কণ্ঠের জাদুতে বুঁদ হতে পুজো মণ্ডপে উপচে পড়েছিল অগণিত মানুষের ভিড়।
চলতি বছর দুর্গাপুরের চণ্ডীদাসের রাজেন্দ্র প্রসাদ সর্বজনীন দুর্গাপুজো ৬৬ বছরে পদার্পণ করেছে। বিশিষ্ট সমাজকর্মী পারিজাত গঙ্গোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে ও আন্তরিক প্রচেষ্টায় আয়োজিত এই পুজোকে ঘিরে এবার এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল তুঙ্গে। এদিন ক্লাবের পক্ষ থেকে তাঁকে আন্তরিক সংবর্ধনা ও স্মারক সম্মান প্রদান করা হয়।
প্রিয় নায়ককে এত কাছ থেকে পেয়ে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা পুজো প্রাঙ্গণ। অনুরাগীদের এই অফুরন্ত ভালোবাসা দেখে আবেগঘন হয়ে পড়েন পর্দার 'বুম্বাদা'। উপস্থিত জনতার উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, "আপনাদের এই ভালোবাসাই আমার পথ চলার শক্তি। যতদিন বেঁচে থাকব, ততদিন আমার অভিনয়ের মধ্য দিয়েই আপনাদের মনের মণিকোঠায় বেঁচে থাকতে চাই।"
শুধু পুজো মণ্ডপ দর্শনই নয়, প্রসেনজিতের উপস্থিতি ও বক্তব্য দুর্গাপুরবাসীর কাছে এই বছরের শারদীয় উৎসবকে এক চিরস্মরণীয় স্মৃতি হিসেবে উপহার দিল বলে মনে করছেন পুজো কমিটির সদস্য ও সাধারণ দর্শনার্থীরা।