eaibanglai
Homeএই বাংলায়পুনেতে খুন হওয়া পুরুলিয়ার শ্রমিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাশে থাকার আশ্বাস

পুনেতে খুন হওয়া পুরুলিয়ার শ্রমিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাশে থাকার আশ্বাস

সংবাদদাতা,পুরুলিয়াঃ- শুক্রবার পুনেতে খুন হওয়া পুরুলিয়ার শ্রমিক সুখেন মাহাতোর দেহ ফেরে বাঁধডি গ্রামে তার বাড়িতে। আর এদিন মৃত শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পরিবারকে সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন।
পাশাপাশি মহারাষ্ট্র পুলিশ যাতে যথাযথ তদন্ত করে দোষীদের শাস্তি সুনিশ্চিত করে, তার জন্য তৃণমূল শেষ পর্যন্ত লড়ে যাবে বলেও স্পষ্ট জানান।

প্রসঙ্গত ২০২১ সাল থেকে পুরুলিয়ার বরাবাজার ব্লকের তুমড়াশোল অঞ্চলের বাঁধডি গ্রামের বাসিন্দা বছর ৩১-এর সুখেন মাহাতো পুনেতে একটি গাড়ির পার্টস তৈরির কারখানায় কাজ করতেন। গত বুধবার কারখানা সংলগ্ন এলাকা থেকে সুখেন মাহাতোর দেহ উদ্ধার হয়। বাংলায় কথা বলার জন্য সেখানে তাঁকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং পরিবারের সদস্যদের। বিষয়টি নিয়ে সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

বুধবার রাতেই মৃত শ্রমিকের বাড়িতে যান পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের নেতারা। ওই পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তাঁরা। পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান শান্তিরাম মাহাতোর দাবি, বাংলায় কথা বলার জন্যই খুন করা হয়েছে কুড়মি জনজাতির এই পরিযায়ী শ্রমিককে।

অন্যদিকে শুক্রবার সুখেন মাহাতোর দেহ তার বাঁধডি গ্রামের বাড়িতে ফেরে। এদিন তাকে শেষ শ্রদ্ধা জানাতে কলকাতা থেকে পুরুলিয়ায় উড়ে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং সবরকম সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই ঘটনায় মহারাষ্ট্র পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্তদেরও দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। এছাড়াও সুখেন মাহাতোর দুই ভাইয়ের কর্মসংস্থানের বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দেন তিনি।

একইসঙ্গে তিনি বলেন, দোষীদের যাতে জামিন না হয়, সে বিষয়েও প্রশাসনের কাছে আবেদন করা হবে। পাশাপাশি বিষয়টি নিয়ে সকলকে সংযত থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, “এই দুঃখের সময়ে কেউ যেন রাজনীতি না করে, বরং দল-মত-ধর্ম নির্বিশেষে পরিবারের পাশে দাঁড়ানোই মানবিক কর্তব্য।”

অন্যদিকে নিহত শ্রমিকের পরিবার জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে তারা ভরসা পেয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments