নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- হাতির হানায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে মৃতের পরিবারের হাতে প্রশাসনের তরফে তুলে দেওয়া হল ক্ষতিপূরণের ৫ লক্ষ টাকার চেক। ঘটনা পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সুইসার মার্চা গ্রাম সংলগ্ন জঙ্গল এলাকার।
প্রসঙ্গত গত সোমবার মার্চা গ্রামের বাসিন্দা গুরুচরণ সিং মুড়া (৭৫) অন্যান্য দিনের মতোই গবাদি পশুদের চরিয়ে, জঙ্গল সংলগ্ন সুবর্ণরেখা নদীতে স্নান সেরে বাড়ি ফিরছিলেন। পথে এক দাঁতালের মুখোমুখি পড়ে যান তিনি। বৃদ্ধকে সামনে পেয়ে দাঁতালটি তাঁকে শুঁড়ে জড়িয়ে শূন্যে তুলে আছাড় মারে। বৃদ্ধকে উদ্ধার করে পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার কাকভোরে ঝাড়খণ্ড সীমানা ঘেঁষা সুবর্ণরেখা নদী পার হয়ে এ পারে অর্থাৎ পুরুলিয়ার বাঘমুন্ডির দিকে ঢুকে পড়েছিল একটি দলছুট দাঁতাল। বৃদ্ধের উপর হামলা চালানোর পরে দুপুরের দিকে দাঁতালটি ফের নদী পেরিয়ে ঝাড়খণ্ডের জঙ্গলে চলে যায়।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নামে, পাশাপাশি বনদপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। যদিও ঘটনার খবর পেয়েই তৎপরতা দেখায় বনদপ্তর ও স্থানীয় প্রশাসন। মঙ্গলবার বিকেলেই মৃতের বাড়ি গিয়ে রাজ্য সরকারের তরফে ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেন বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাত। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানস মেহেতা, বিডিও আর্য তা, বনাধিকারিক, বাঘমুন্ডি থানার আধিকারিক প্রমুখ।
বিধায়ক সুশান্ত মাহাত জানান, ক্ষতিপূরণের পাশাপাশি আগামী দিনে মৃতের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থাও করা হবে।

















