সংবাদদাতা,পুরুলিয়াঃ- ১৫ ঘণ্টায় ২৭ পাহাড় জয়। এমনই অসাধ্যসাধন করে রেকর্ড করলেন পুরুলিয়ার ৫ যুবক। বাঁকুড়া, দুর্গাপুর, বরাকর ও পুরুলিয়ার বাসিন্দা এই পাঁচ বন্ধুর সাফল্যের ছবি এখন সমাজমাধ্যমে ভাইরাল।
শুভজিৎ দত্ত, শুভ দাস, গৌরাঙ্গ সাঁতরা, সুপ্রভাত সামন্ত এবং মিনাজ। পাঁচ যুবকই রক ক্লাইম্বিং প্রশিক্ষক। নিজেদের দক্ষতা প্রমাণের লক্ষ্যে এই অভিনব অভিযানে নেমেছিলেন তাঁরা। এই পাহাড় অভিযানে ছিল লালমাটির দেশের পাঁচ পাহাড় বেরো, ধনুত্তর, তিলাবনি, সিঁদুরপুর এবং জয়চণ্ডী। ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ পাহাড় শৃঙ্গ জয়ের লক্ষ্যে থাকলেও ক্ষিপ্রতা ও মানসিক শক্তির এক অনন্য নজির গড়ে মাত্র ১৫ ঘণ্টা ৪৪ মিনিটেই অভিযান শেষ করে ফেলে অকুতোভয় এই যুবকের দল।
এতগুলো পাহাড় জয়ের এই রোমাঞ্চকর কাহিনী এখন পুরুলিয়ার পর্যটন ও অ্যাডভেঞ্চার প্রেমীদের মুখে মুখে ফিরছে। পাঁচ বন্ধুর এই অভিনব প্রয়াসকে কুর্নিজ জানাচ্ছেন নেটিজেনরাও।


















