সংবাদদাতা,আসানসোলঃ- বুধবার কাকভোরে খনি শহর রানীগঞ্জের তারবাংলা ও টিকিয়াপাড়া এলাকায় একটি তুলো বোঝাই লরি রাস্তার ধারের বৈদ্যুতিক ট্রান্সফরমারে ধাক্কা মারায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধাক্কার জেরে শর্ট সার্কিট থেকে উৎপন্ন আগুন দ্রুত লরিতে থাকা দাহ্য তুলোর স্তরে ছড়িয়ে পড়ে। ঘটনার পরই সুরক্ষাজনিত কারণে সমগ্র এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রানীগঞ্জ থানা যাওয়ার রাস্তায় জনবসতিপূর্ণ এলাকার একটি মসজিদের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লরিটি হাওড়ার সালকিয়া এলাকা থেকে তুলো বোঝাই করে রানীগঞ্জের তারবাংলা এলাকার ব্যবসায়ী সঞ্জীবন সরোয়ার দোকানের উদ্দেশ্যে যাচ্ছিল। আসন্ন কালীপুজো ও দীপাবলি উপলক্ষে প্রদীপের সলতে এবং বালিশ ও তোষক তৈরির জন্য এই তুলো নিয়ে আসা হচ্ছিল। ভোর সাড়ে চারটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। কাকভোরে রাস্তাঘাট ফাঁকা থাকায় বড় ধরনের কোনও যানজট বা জনহানি এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনার খবর পেয়ে প্রথমে দমকলের একটি এবং পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তুলোর গভীর স্তর পর্যন্ত আগুন প্রবেশ করায় তা সম্পূর্ণ নেভাতে দমকল কর্মীদের বেগ পেতে হয়। দীর্ঘ কয়েক ঘণ্টার পর অবেশেষে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।