eaibanglai
Homeএই বাংলায়ডাম্পারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র রানিগঞ্জ

ডাম্পারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র রানিগঞ্জ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল আসানসোলের রানিগঞ্জ থানার নিমচা ফাঁড়ির তিরাট এলাকা। মৃত সাইকেল আরোহীর নাম অবিনাশ মূর্মু (২৩)। তিনি আসানসোলের ডামরার আড়াডাঙ্গার বাসিন্দা। বাড়িতে তার স্ত্রী ছাড়াও তিন বছরের এক সন্তান রয়েছে।

জানা যায়, গতকাল দুপুরে পেশায় ইঁট ভাটার কর্মী অবিনাশ মূর্মু কাজ শেষ করে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় রানিগঞ্জ থানার নিমচা ফাঁড়ির তিরাট গ্রাম পঞ্চায়েতের তিরাট শিবানন্দ আশ্রমের সামনে বালি বোঝাই একটি ডাম্পার তাকে ধাক্কা মারে। তাতে অবিনাশ গুরুতর জখম হন। তার সাইকেলটি একেবারে দুমড়েমুচড়ে যায়। এরপর অবিনাশকে উদ্ধার করে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এরপরই গোটা এলাকা উত্তপ্ত হয়ে উঠে। স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় বালি বোঝাই ডাম্পারের চলাচল বেড়ে যাওয়ায় ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। বারবার অভিযোগ করা সত্ত্বেও পুলিশ প্রশাসনের তরফে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এরইমধ্যে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা দামোদর ঘাটে গিয়ে বালি তোলার জন্য দাঁড়িয়ে থাকা একাধিক ডাম্পারে আগুন লাগিয়ে দেয়। মুহুর্তের মধ্যে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।

অন্যদিকে ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালও ঘটনাস্থলে পৌঁছান ও স্থানীয়দের সঙ্গে রাস্তা অবরোধে সামিল হন। তিনি পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, “বালি বোঝাই ট্রাক ও ডাম্পারের বেপরোয়া চলাচলের জন্য প্রাণহানির ঘটনা এটাই প্রথম নয়। বার্নপুর ও ডামরায় এর আগেও একই ধরনের ঘটনায় প্রাণহানি হয়ছে। প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস নেতারা বিষয়টি উপেক্ষা করছেন। কারণ তারা বালি মাফিয়াদের কাছ থেকে তারা মাসোহারা পান।” মৃত ব্যক্তির পরিবারকে দশ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ-সহ একটি চাকরি দেওয়ার দাবি জানান তিনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুমকি দেন বিদায়ী বিধায়ক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments