সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। শীঘ্রই ঘোষণা হবে দিনক্ষণ। আগামী ২৮ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে নির্বাচন কমিশনের। এরই মধ্যে পশ্চিম বর্ধমান জেলার খনি শহর রানিগঞ্জে ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থার মিলল ভোটার কার্ড। যা নিয়ে শোরগোর পড়ে গিয়েছে শহরজুড়ে।
জানা গেছে রানিগঞ্জের কুমোরবাজারের চিনকোটি ও চুড়িপট্টি এলাকার মাঝামাঝি রাস্তার ধারে আবর্জনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে ভোটারকার্ডগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। সূত্রের খবর, উদ্ধার হওয়া কার্ডের সংখ্যা আনুমানিক ৪০ থেকে ৪২টি। এর মধ্যে কিছু পুরনো সাদাকালো ভোটার কার্ড এবং কিছু সাম্প্রতিক ডিজিটাল ভোটার কার্ডও রয়েছে। এমনকি ওই কার্ডে কমিশনের স্টিকারও রয়েছে বলেও দাবি করেন স্থানীয়রা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই এমন ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে এলাকার এক যুবক জানান, স্থানীয়দের মারফত খবর পেয়ে তিনিও ছুটে যান ও দেখেন তার নামের ভোটার কার্ড পরে রয়েছে। তবে তিনি জানান ওটি ভুয়ো, আসল ভোটার কার্ড বাড়িতে সুরক্ষিতভাবে রাখা রয়েছে।
ঘটনা প্রসঙ্গে রানীগঞ্জ বোরো টু-এর চেয়ারপার্সন মোজাম্মেল সাহাজাদা আনসারী জানান, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। বর্তমানে এসআইআর-এর সময় ভোটার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন যদি কার্ডগুলি বাতিল বা বাতিলযোগ্য হয়ে থাকে, তাহলে সেগুলি এভাবে রাস্তার ধারের ডাস্টবিনে ফেলে দেওয়া হলো কেন?
স্থানীয়রাও এই ঘটনায় সঠিক তদন্ত ও কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। অন্যদিকে খবর পেয়ে রানিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ভোটার কার্ড উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টির তদন্ত শুরু হয়েছে।


















