নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাস্তার বেহাল দশা, তার ওপর অনবরত ভারী কারখানার গাড়ির দাপট। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে ধৈর্যের বাঁধ ভাঙল স্কুল পড়ুয়াদের। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের বাঁশকোপা থেকে গোপালপুর যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাটি অবরোধ করে বিক্ষোভে শামিল হল কয়েকশো ছাত্র-ছাত্রী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরে চরম প্রশাসনিক উদাসীনতায় পড়ে রয়েছে এই রাস্তাটি। বর্তমানে রাস্তাটির অবস্থা এতটাই শোচনীয় যে একে আর রাস্তা বলে চেনার উপায় নেই। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, রাস্তা যেন আস্ত এক খাল-বিল! বর্ষা নামতেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। পুরো রাস্তা জুড়েই তৈরি হয়েছে বড় বড় গর্ত, আর তাতে জমে রয়েছে হাঁটুসমান কাদা-জল। এলাকার মানুষ ক্ষোভ উগরে দিয়ে বলেন, "বর্ষাকালে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হয় যেন কোনো ধান চাষের জমির ওপর দিয়ে হেঁটে যাচ্ছি।"
এই বেহাল পথ দিয়েই প্রতিদিন সাইকেল নিয়ে যাতায়াত করতে হয় গোপালপুর উচ্চ বিদ্যালয় এবং গোপালপুর বালিকা বিদ্যালয়ের শত শত ছাত্র-ছাত্রীকে। একদিকে কাদা-জলের নোংরা, অন্যদিকে শিল্পাঞ্চলের ভারী ভারী লরি ও গাড়ির যানজট। পড়ুয়াদের অভিযোগ, সাইকেল নিয়ে যাওয়ার সময় প্রায়শই চাকা পিছলে পড়ে গিয়ে স্কুলের সাদা জামাকাপড় কাদায় মাখামাখি হয়ে যায়। শুধু তাই নয়, বড় গাড়ির ভিড়ে যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আতঙ্ক গ্রাস করেছে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকদের।
অভিযোগ এর আগে একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত আবেদন জানানো হয়েছে। কিন্তু বারবার শুধু প্রতিশ্রুতিই মিলেছে, কাজের কাজ কিছুই হয়নি।
এই বিষয়ে এলাকার বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, "আমরা সাধারণ মানুষের এই সমস্যার বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অবগত। ইতিমধ্যেই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য জেলাশাসককে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি খুব দ্রুততার সাথেই এই রাস্তার মেরামতের কাজ শুরু করা সম্ভব হবে।"