নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- শিল্পাঞ্চল দুর্গাপুরের মহকুমা হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখতে এলেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি মন্ডল। দুর্গাপুর মহকুমা হাসপাতালের একটি নতুন স্বাস্থ্য বিষয়ক ভবনের উদ্বোধন এ দিন করেন স্ট্যান্ডিং কমিটির মাননীয় চেয়ারম্যান তথা বিধায়ক দুর্গা মুর্মু।
এদিন তিনি উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিগত সরকারের স্বাস্থ্য বিষয়ক পরিকাঠামো নিয়ে একাধিক মন্তব্য করেন। স্ট্যান্ডিং কমিটির মাননীয় চেয়ারম্যান তথা বিধায়ক দুর্গা মুর্মু অভিযোগ করেন, "তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্যে সঠিক সুচিকিৎসা হতো না। সাধারণ মানুষের স্বাস্থ্য বিষয়ক অভিযোগ শোনার মতন লোক ছিল না। বড় বড় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হলেও ছিল না পর্যাপ্ত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। এক কথায় ভেঙ্গে পড়েছিল স্বাস্থ্যপরিসেবার পরিকাঠামো।" তিনি আরো বলেন, "বর্তমান সরকার স্বাস্থ্য বিষয়ক উন্নয়নের জন্য সার্বিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী দিনে স্বাস্থ্য পরিকাঠামোর আমূল পরিবর্তন হবে। রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালে চিকিৎসা ও পরিসেবার উন্নত মানের উপর জোর দেওয়া হবে। ইতিমধ্যেই স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরা পরিদর্শন শুরু করেছেন রাজ্যের বিভিন্ন হাসপাতাল গুলিতে। সরকারি হাসপাতাল গুলিতে খতিয়ে দেখা হচ্ছে মানুষের অভাব অভিযোগ। সাথে সাথে চিকিৎসক ও রোগীদের সাথে কথা বলে কোথায় পরিকাঠামোর উন্নয়নের প্রয়োজন রয়েছে সে বিষয়ে বিস্তার আলোচনা হচ্ছে।" আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো হবে বলে এদিন তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য তৃণমূল কংগ্রেস সরকার পরিচালিত বিগত সরকার রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতাল গুলিতে রোগী কল্যাণ সমিতি নামক একটি সংগঠনকে জন্ম দিয়ে উন্নত মানের পরিসেবা দেওয়ার কথা বললেও আদতে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি বলে এদিন উপস্থিত প্রতিনিধিরা অভিযোগ করেন।
একটি বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে, আগামী দিনে রাজ্য সরকারের এই দুর্গাপুর মহকুমা হাসপাতালকে একটি মেডিকেল কলেজে রূপান্তরিত করার লক্ষ্যে যে আবেদন দুর্গাপুরের পূর্ব কেন্দ্রের বিধায়ক মাননীয় চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সেই বিষয়েও সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।