নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রবিবার সাতসকালে রেললাইনের ধার থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। ঘটনাটি ঘটেছে কোকওভেন থানার অন্তর্গত বাঁকুড়া মোড় রেল উড়ালপুল সংলগ্ন গুড সাইড রোড এলাকায়। মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।
এদিন সকালে এলাকার বাসিন্দারা প্রথম রেললাইনের ধারে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড় জমে যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় কোকওভেন থানায়। ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এদিকে এই মৃত্যুকে ঘিরে দানা বেঁধেছে রহস্য। স্থানীয় বাসিন্দাদের একাংশের অনুমান, এটি সাধারণ কোনও দুর্ঘটনা নাও হতে পারে। মৃতদেহটির আশপাশের পরিস্থিতি দেখে তাঁদের প্রাথমিক অনুমান, দেহটিকে কোনওভাবে টানতে টানতে রাস্তার ওপর দিয়ে নিয়ে গিয়ে ওখানে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।
কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো এবং কীভাবে তাঁর দেহ এই নির্জন এলাকায় এলো, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের পরিচয় জানার পাশাপাশি আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ ও নিখোঁজ ডায়েরি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।