সংঙ্গীতা চৌধুরীঃ- পিতৃপক্ষের অবসান হল মহালয়ার দিন আর শুরু হল দেবীপক্ষ। সনাতন শাস্ত্র অনুযায়ী এই সময়টি হচ্ছে সাধনার সময়। সাধারণভাবে বলা যায় প্রায় ১৫ দিন ধরে দেবীপক্ষ চলে তবে পঞ্জিকা ভেদে সময়ের কিছুটা ফারাক হতে পারে।
দেবীপক্ষের সময় কী কী করবেন আর কী কী করবেন না তা আজকের প্রতিবেদনে বলবো…
দেবীপক্ষের সময় কী কী করবেন?
১। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠুন। ব্রহ্ম মুহূর্তে উঠতে পারলে অনেক ভালো হয়।
২। ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন। সকাল সন্ধ্যা দুবেলা প্রার্থনা করুন।
৩। দেবীপক্ষের এই সময় একটা ইতিবাচক শক্তি সবসময় কাজ করে, সেজন্য চেষ্টা করুন সকাল দুপুর সন্ধ্যা ছাড়াও একটু বেশি করে ভগবানের সান্নিধ্যে সময় কাটানোর। ভগবত সঙ্গ, ভগবত কথা আলোচনা, ভগবানের স্মৃতি জড়িত স্থানে ভ্রমণ করুন।
৪। এই সময় যদি মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা চণ্ডীপাঠ করেন তাহলে তা অত্যন্ত শুভ হয়।
৫। প্রবীণ মানুষদেরকে এই সময় সম্মান করুন। অসহায় বাচ্চাদের খেতে দিন, মানুষকে না জানিয়ে মানুষের পাশে দাঁড়ান অর্থাৎ না জানিয়ে সেবা , দান , ধ্যান ইত্যাদি করুন।
দেবীপক্ষের সময় কোন কোন কাজ করবেন না?
১। এই সময় ঝগড়া করবেন না। কলহ করবেন না।
২। অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন না।
৩। কারোর রাগের কারণ হবেন না। এমন কিছু করবেন না যাতে কেউ বিরক্ত হয় বা রাগান্বিত হয়ে অভিশাপ দেয়।
দেবীপক্ষের সময় প্রত্যেকদিন সকালবেলায় উঠে মায়ের কাছে প্রার্থনা করুন , মা সকলের ভালো করো। তোমার পৃথিবীতে থাকা প্রত্যেকটা প্রাণী , প্রত্যেকটা জীব-প্রত্যেকের মঙ্গল করো। সকলের সুস্থ নীরোগ থাকুক। সকলে সুস্বাস্থ্যের অধিকারী হোক।