অঙ্কিতা চ্যাটার্জ্জী, বারাবনি -: অদম্য ইচ্ছাশক্তি ও ভক্তির চূড়ান্ত নিদর্শন দেখা গেল পশ্চিম বর্ধমানের বারাবনিতে। পরিবারের শান্তি ও কল্যাণের ব্রত নিয়ে বারাবনির মির্জাপুর থেকে সুদূর তারকেশ্বর পর্যন্ত প্রায় ১৮০ কিলোমিটার পথ দণ্ডি কেটে পাড়ি দেওয়ার দুর্গম সংকল্প নিয়েছেন বীরেশ (হরেকৃষ্ণ) মণ্ডল।
শ্রাবণের পবিত্র আবহে রুনাকুড়া ঘাটে স্নান সেরে শনিবার শুরু হয় এই ভক্তিমূলক যাত্রা। এর আগে বিধানসভা নির্বাচনে বিধায়ক অরিজিৎ রায়ের জয়ের কামনায় রুনাকুড়া ঘাট থেকে চন্দ্রচূড় মন্দির পর্যন্ত একইভাবে দণ্ডী কেটেছিলেন এই যুবক। আগামী ১০-১৫ দিনের মধ্যে তারকেশ্বর মন্দিরে পৌঁছে দেবাদিদেব মহাদেবের চরণে প্রণাম নিবেদন করাই তাঁর একমাত্র লক্ষ্য।
পথের দু'ধারে উপচে পড়া ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। হাড়ভাঙা পরিশ্রম ও শারীরিক কষ্টকে উপেক্ষা করে বীরেশের এই অবিচল নিষ্ঠা এবং আত্মিক ভক্তি স্থানীয়দের মনে গভীর আবেগের সৃষ্টি করেছে। শ্রাবণের শিবময় বাতাবরণে এই যুবকের ঐশ্বরিক যাত্রা এখন গোটা অঞ্চলে প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু।