eaibanglai
Homeএই বাংলায়বিজেপির অস্থায়ী কার্যালয় চুরি! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপির অস্থায়ী কার্যালয় চুরি! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিজেপির গোটা একটা অস্থায়ী কার্যালয় চুরি করে পালিয়েছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। এমনই অভিযোগে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ফুলঝোড় এলাকায়।

ফুলঝোড় ডাঙাপাড়া এলাকায় এসআইএর সংক্রান্ত কাজের জন্য একটি অস্থায়ী কার্যালয় তৈরি করেছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। রবিবার সকালে দেখা যায় পুরো কার্যালয়টিই হাওয়া হয়ে গেছে। বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা এবং বিক্ষোভ দেখান।

মন্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডল বলেন, “ওই অস্থায়ী কার্যালয় থেকে এসআইআর সংক্রান্ত কাজকর্ম হচ্ছিল। মানুষের সমস্যার কথা শোনা হচ্ছিল এবং তাদের পাশে থাকা হচ্ছিল। সেই অস্থায়ী কার্যালয়টিকে শনিবার রাতের তৃণমূলের দুষ্কৃতীরা বাঁশ কাপড় খুলে সব কিছু চুরি করে নিয়ে চলে গেছে। তৃণমূল সারা বাংলা জুড়ে চুরি করছে, এখন দলীয় কার্যালয়ও বাদ যাচ্ছে না। পার্টি অফিস পর্যন্ত চুরি করছে। এদিকে এলাকার প্রাক্তন কাউন্সিলর বিধাননগর এলাকায় এডিডিএ-এর জমিতে দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি করছে। আমরা এই দুর্নীতিযুক্ত তৃণমূলকে বলতে চাই ‘যতোই করো হামলা, বিজেপি নেবে বাংলা’।”

যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিষয়টি নিয়ে বিষ্ময় প্রকাশের পাশাপাশি অভিযোগ অস্বীকার করেছে। ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপঙ্কর লাহা পাল্টা কটাক্ষের সুরে বলেন “এই ধরনের কোন অস্থায়ী কার্যালয় ছিল বলে আমার জানা নেই। এটা ওদের নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের জের।”

অন্যদিকে অবিলম্বে এই ঘটনার সাথে যুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments