নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- ওম পঞ্চ পাণ্ডব চ্যারিটেবল ট্রাস্ট-এর উদ্যোগে বুধবার দুর্গাপুরের ফুলঝোর কালী বাড়িতে আয়োজিত হল এক বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির। যেখানে প্রায় ২০০ জনের চক্ষু পরীক্ষা করা হয়।
শিবিরে চিকিৎসা পরিষেবা দিতে উপস্থিত ছিলেন পুরুলিয়ার বরনডাঙ্গা এলাকা থেকে অভিজ্ঞ চিকিৎসক দল । তাঁদের সহযোগিতায় পুরো কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। শিবিরে আসা প্রত্যেককে পরীক্ষা করেন চিকিৎসকরা এবং যাঁদের প্রয়োজন ছিল, তাঁদের হাতে তুলে দেওয়া হয় চশমা। এছাড়া যাঁদের চোখে ছানি ধরা পড়ে এবং অপারেশন প্রয়োজন বলে মনে হয়েছে, তাঁদের নাম নথিভুক্ত করা হয়। পরবর্তী পর্যায়ে চক্ষু ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানান উদ্যোক্তারা।
এদিন শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলার তথা প্রাক্তন পৌর প্রশাসকমণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, ট্রাস্টের সভাপতি পরিমল রায় সহ এলাকার অন্যান্য বিশিষ্টজনেরা।
ওম পঞ্চ পাণ্ডব চ্যারিটেবল ট্রাস্ট-এর তরফে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
বর্তমান সময়ে স্বাস্থ্য পরিষেবা যেভাবে ব্যায়বহুল হয়ে দাঁড়িয়েছে তাতে এই ধরণের উদ্যোগ প্রশংসার দাবি রাখে।



















