সংবাদদাতা,বাঁকুড়াঃ- বিধানসভা নির্বাচনে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার পরই প্রার্থী নিয়ে দলীয় ক্ষোভ সামনে এল বাঁকুড়ার ছাতনায়। প্রসঙ্গত রবিবারই নির্বাচন কমিশন রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে। এরপর সোমবারই প্রথময় দফায় ১৪৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিজেপি নেতৃত্ব। আর তাতে দেখা যায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার ছাতনা বিধানসভা থেকে জয়ী হওয়া সত্যনারায়ণ মুখার্জীকেই পুনরায় প্রার্থী করা হয়েছে। এরপরই দলীয় নেতৃত্বের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন দলের কর্মী-সমর্থকদের একাংশ। ছাতনার দুবরাজপুর মোড়ে বিক্ষোভও দেখান তারা।
ক্ষুব্ধ দলীয় কর্মী সমর্থকদের অভিযোগ, গত পাঁচ বছরে এলাকায় বিধায়ককে প্রায় দেখা যায়নি এবং সাধারণ মানুষের সমস্যায় তিনি পাশে থাকেননি। সেই কারণে তারা ছাতনার স্থানীয় কোনও “ভূমিপুত্র”-কে প্রার্থী করার দাবি তুলেছেন তারা।
প্রসঙ্গত গতকাল প্রার্থী ঘোষণার আগেই বিধায়ককে পুনরায় প্রার্থী না করার দাবি জানিয়ে এলাকায় পোস্টার পড়েছিল। ওই পোস্টার কে বা কারা দিয়েছিল জানা না গেলেও তা দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত দিয়েছিল। মঙ্গলবার দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভ ছাতনায় বিজেপির অন্তর্দ্বন্দ্বকে একেবারে প্রকাশ্যে এনে দিল বলেই মনে করছেন রাজনৈতিকভাবে ওয়াকিবহাল মানুষজন।


















