eaibanglai
Homeএই বাংলায়তৃণমূল প্রার্থী কবি দত্তর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিজেপি প্রার্থী লক্ষণের

তৃণমূল প্রার্থী কবি দত্তর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিজেপি প্রার্থী লক্ষণের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর:- আগামী মাসেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচন ঘিরে ইতি মধ্যেই রাজনৈতিক উত্তেজনা শিল্পাঞ্চলে। একাধিক জায়গায় দেওয়াল লিখন নিয়ে শাসক দল তৃণমূল ও বিরোধী বিজেপি একে অপরের বিরুদ্ধে দেওয়াল দখলের অভিযোগ করেছে। এরই মধ্যে রবিবার সরকারি দেওয়ালে শাসক দলের প্রচার লিখন মুছতে গিয়ে আক্রান্ত হন দুই সরকারী কর্মী। যা নিয়ে সরব হয়ে দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্তের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক তথা বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই।

প্রসঙ্গত দুর্গাপুর করঙ্গপাড়া সংলগ্ন দুর্গাপুর বাজার পোস্ট অফিসের কাছে বিজেপি প্রার্থীর দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিষয়টি নজরে আসতেই বিজেপি কর্মীরা প্রতিবাদ জানিয়ে সরব হয়। বিজেপির অভিযোগ দলীয় প্রার্থী লক্ষণ ঘোড়ুইয়ের সমর্থনে ডাকঘরের সামনে একটি দেওয়ালে, দেওয়াল লিখন করা হয়েছিল। তৃণমূল কর্মীরা সেই দেওয়াল লিখন মুছে দলীয় প্রতীক অশান্তির আবহ তৈরি করে।

এদিকে সরকারি দেওয়ালে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রচারের খবর পেয়ে নির্বাচন কমিশনের নির্দেশমতো সেই দেওয়াল মুছতে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের দুই কর্মী সূর্যকান্ত পাল এবং বিট্টু গুপ্তা। জানা যায় তারা ওই দেওয়াল মুছে গাড়িতে উঠতে গেলে, তাদের গাড়ি থেকে নামিয়ে মারধর করে তৃণমূলের লোকজন। ঘটনাকে ঘিরে নিমেয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

আক্রান্ত মহকুমাশাসক দপ্তরের কর্মী বিট্টু গুপ্তা বলেন,”কেন মোছা হয়েছে দেওয়াল বলতে বলতে আমাদের গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয়। যারা মারছিল তারা নিজেদের তৃণমূল বলছিল।”

অন্যদিকে তৃণমূলের এই হামলা নিয়ে এদিন সরব হয়ে শাসক দলের প্রার্থী কবি দত্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন দুর্গাপুর পশ্চিমের বিদায়ী বিধায়ক লক্ষণ ঘোড়ুই। তিনি বলেন,”নির্বাচন কমিশন তার কাজ করছে। তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন মানে না। দিদি মানেন না, অভিষেক ব্যানার্জী মানেন না। তাই তার কর্মীরাও মানছে না। তৃণমূলের দুষ্কৃতীরা দুর্গাপুর জুড়ে তাণ্ডব চালাচ্ছে। ভয় দেখানো হচ্ছে। দেওয়াল মুছতে গিয়ে মার খেতে হয়েছে সরকারী কর্মীদের। ধান্ডাবাদে বিজেপি কর্মীরা দেওয়াল লিখতে গেলে তাদের আটকে রাখা হয় রাত প্রায় একটা পর্যন্ত। অনেক চেষ্টা করে তাদের উদ্ধার করা হয়। কবি দত্ত বাবু তিনি শুধু এসি ঘরে বসে, অনেক ইনকাম করে, হোটেল বানিয়ে, অবৈধ নির্মাণ করে এডিডিএ চেয়ারম্যান পদের সম্মান নষ্ট করেছেন। আর এখন তিনি প্রার্থী হলেও তিনি বুঝতে পেরেছেন তৃণমূলের সঙ্গে কেউ নেই। তাই গুণ্ডা, বদমাশ, ক্রিমিনাল, মাফিয়া নিয়ে ঘুরে বেরাচ্ছেন আর ভাবছেন ভোটে জিতে যাবেন। অত সহজ নয়! দুর্গাপুরের মাটি বিজেপির শক্ত ঘাঁটি। ২০১৯, ২০২১, ২০২৪ সালে বিজেপিকে এখানকার মানুষ ভোট দিয়েছে। এবারে দুর্গাপুরের মানুষ তৃণমূলকে সাফ করে দেবে। কারণ এত বছরেও পুরসভার ভোট হয়নি, দুর্গাপুর জুড়ে জলের জন্য মানুষ হা হা কার করছে। আর কবিবাবু শুধু বড়লোকেদের তদারকি করছেন। এখানে যতো কারখানা আছে, সব কারখানা থেকে তোলা তুলছেন, অবৈধ পারমিশন দিচ্ছেন আর অবৈধ ফ্ল্যাট তৈরি হচ্ছে। আর দুর্গাপুরের গরীব মানুষ না পেয়েছে পাট্টা, না পাচ্ছে জল, না পাচ্ছে উন্নয়ন। আর তাই এবারের নার্বাচনে তৃণমূলের বিসর্জন হবে আর কবিবাবু সাফ হয়ে যাবেন। নির্বাচন কমিশন ও পুলিশকে বলবো কুইক অ্যাকশন নিন। না হলে গণতন্ত্র রক্ষা হবে না। দুর্গাপুরের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। তৃণমূলের এই বর্বর আচরণের প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি।”

যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল জেলা নেতৃত্বের। ব্লক সভাপতি সিফুল সাহা বলেন, “অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ওদের পায়ের তলার মাটি সরে গেছে। এই অবস্থায় মানুষের সহানুভুতি আদায়ের জন্য এই ধরণের মিথ্যা খবর রটাচ্ছে বিজেপি।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments